চট্টগ্রাম, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়ে বন্ধুর অপমানের প্রতিবাদ করতে এসে নগরীর ইসলামিয়া কলেজের এক ছাত্র ছুরিকাহত হয়েছেন।
বুধবার দুপুরে নগরীর জহুর হকার্স মার্কেটের ‘বি আনোয়ারা কমপ্লেক্সে’ এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহত শিক্ষার্থী আবদুল হান্নান (১৯) নগরীর ডবলমুরিং’র ইসলামিয়া কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। তাকে ওই মার্কেটের ‘সিরাজ গার্মেন্টেস’র কর্মচারীরা ছুরিকাঘাত করে আহত করে।
এ ঘটনায় দোকানের কর্মচারী ফারুক হোসেনকে (২৭) আটক করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার ইসলামিয়া কলেজের এক ছাত্রী ওই দোকানে পোশাক কিনতে গেলে দোকানের কর্মচারীরা তাকে অপমান করে।
“বুধবার ওই ছাত্রী হান্নান ও আরেক শিক্ষার্থীকে নিয়ে ওই দোকানে সেই বিষয়ে জানতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে দোকানের কর্মচারীরা ছুরি দিয়ে আঘাত করে হান্নানকে,” বলেন তিনি।
আহত হান্নানকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে মামলার করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওসি।
অন্যদিকে, সহপাঠি আহতের ঘটনার খবর শুনে ওই দোকানে ইসলামিয়া কলেজের শিক্ষার্থীরা হামলা চালিয়েছে বলে মার্কেটের আশে পাশের অন্যান্য দোকানিরা অভিযোগ করেছে।
এক থেকে দেড়শতাধিক শিক্ষার্থী সিরাজ গার্মেন্টস্ হামলা চালিয়ে টাকা পয়সা ও বিভিন্ন পোশাক নিয়ে যায় বলে পাশের দোকানি মো. রনি ও মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/২২০২ ঘ.
bdnews24