নারায়ণগঞ্জ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হন দুইজন।
বুধবার বিকালে কাঞ্চন পৌরসভার কালাদি এলাকায় এ দুর্ঘটনার প্রতিবাদে মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কে আধঘণ্টা অবরোধ এবং ৭/৮টি গাড়ি ভাংচুর করেছে এলাকাবাসী।
নিহতরা হলেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য সচিব দোলোয়ার হোসেন (৩২) এবং তার শ্যালক মহসিন। দোলোয়ারের বাড়ি কাঞ্চনের কালাদি এলাকায়।
আহতরা হলেন- নিহতের ছেলে রিয়াদ (২) এবং এক আত্মীয় জুয়েল।
তাদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা এক আত্মীয়ের মৃত্যুর সংবাদ পেয়ে মোটরসাইকেলে সেখানে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন।
বিকাল ৪টার দিকে মোটরসাইকেলটিকে একটি ট্রাক ধাক্কা দেয়।
ওই মোটরসাইকেলে চারজন যাত্রী ছিলেন বলে তিনি জানান।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, দেলোয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়ক আধাঘণ্টা অবরোধ এবং ৭/৮টি গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ট্রাকটি ও এর চালককে আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২১৩৩ ঘ.
bdnews24