২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় চাঁদাবাজির মামলায় ৭ জনের দণ্ড

মেঘনা নদীতে চাঁদাবাজির মামলায় সাত জনকে কারাদণ্ড দিয়েছে চাঁদপুরের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 12:16 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

চাঁদপুর, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনা নদীতে চাঁদাবাজির মামলায় সাত জনকে কারাদণ্ড দিয়েছে চাঁদপুরের একটি আদালত। বুধবার বিকেলে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোতাহির আলী মামলার সাত আসামির প্রত্যেককে পাঁচ বছরের দণ্ডের আদেশ দেন বলে জানান চাঁদপুরের অতিরিক্ত সরকারি আইন কর্মকর্তা (পিপি) মো. মুজিবুর রহমান। দণ্ডিতরা হলেন, সহিদ উল্লাহ (৩৫), আবদুর রাজ্জাক (৩০), বাচ্চু পালোয়ান (৪৩), নুর আলম (২৪), লোকমান চৌকিদার (২৪), আবদুর রহিম মিন্টু (৩৩) ও মো. আলমগীর (৩৭)। এরা সবাই চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা। এদের মধ্যে সহিদ উপজেলার দক্ষিণ গোবিন্দিয়া গ্রামের আবদুল কুদ্দুস সরদারের ছেলে, রাজ্জাক একই গ্রামের আমির হোসেন মিয়ার ছেলে, বাচ্চু ওই গ্রামের মৃত হাফেজ পালোয়ানের ছেলে, নুর আলম একই গ্রামের আহমেদ উল্লাহ বেপারীর ছেলে, লোকমান একই গ্রামের গিয়াস উদ্দিন চৌকিদারের ছেলে, মিন্টু লক্ষ্মীপুর গ্রামের আবদুল কাদির সরদারের ছেলে এবং আলমগীর মদনা গ্রামের আবদুস সালামের ছেলে। অতিরিক্ত পিপি মুজিবুর রহমান জানান, ২০০৭ সালের ১৪ জুলাই ভোর সাড়ে ৬টায় চাঁদপুরের হানারচরে মেঘনা নদীতে বালুবাহী জাহাজ ‘এমভি তৌফিক’-এ চাঁদাবাজির সময় এই সাত জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় ওই সাত জনের বিরুদ্ধে সদর মডেল থানায় চাঁদাবাজির মামলা করেন ওই থানার উপ-পরিদর্শক (এসআই) মুসলিম মিয়া। দীর্ঘ শুনানি শেষে বুধবার মামলার রায় দেয় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৮০৭ ঘ.