২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক শূন্যস্থান পূরণে যুবলীগ হয়েছিল: আশরাফ

আওয়ামী লীগ সমর্থিত যুব সংগঠন যুবলীগ রাজনৈতিক শূন্যস্থান পূরণের উদ্দেশ্য নিয়েই প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 04:32 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সমর্থিত যুব সংগঠন যুবলীগ রাজনৈতিক শূন্যস্থান পূরণের উদ্দেশ্য নিয়েই প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রী এ কথা বলেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রমে যুবলীগের ভূমিকা তুলে ধরে আশরাফ বলেন, “বর্তমানে যুবলীগ একটি সুসংগঠিত সংগঠন। ওয়াল ইলাভেন থেকে উত্তোরণে দলটি বিরাট ভূমিকা রেখেছে।” বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জেল থেকে দলের সভাপতি শেখ হাসিনাকে মুক্ত করতে যুবলীগ ভূমিকা রেখেছে বলেও দাবি করেন আওয়ামী লীগ মুখপাত্র। আওয়ামী লীগকে নতুন নেতৃত্বের হাতে তুলে দিতে শেখ হাসিনা কার্যক্রম শুরু করেছেন উল্লেখ করে তিনি বলেন, “নানককে প্রথমে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পরে পদোন্নতি দিয়ে যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে। যুবলীগে নতুন নেতৃত্ব আসার পর মির্জা আজমকেও উপযুক্ত স্থানে বসানো হবে।” যুবলীগের নতুন নেতারা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজ করবেন বলেও মনে করেন এই আওয়ামী লীগ নেতা। ২০০৩ সালের ৮ জানুয়ারি মহিউদ্দিন আহমেদ মহিকে সভাপতি ও নুরুন্নবী চৌধুরী শাওনকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের কমিটি গঠন করা হয়। মঙ্গলবারের সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হবে। এদিকে সম্মেলন উদ্বোধনের আগে চেয়ারে বসাকে কেন্দ্র করে নেতাকর্মীরা হট্টগোল করে মঞ্চের দিকে ধাওয়া দেয়। বিশৃঙ্খলা ও হট্টগোলের মধ্য দিয়ে শুরু হওয়া সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। মহিউদ্দিন আহমেদ মহির সভাপত্বি সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধরী শাওন বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২২২৮ ঘ.