২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ের ঝুঁকিপূর্ণ ঘরগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন

চট্টগ্রাম মহানগরী ও সীতাকুণ্ডের পাঁচটি পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী ২৬টি ঘরের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পিডিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 01:46 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

চট্টগ্রাম, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরী ও সীতাকুণ্ডের পাঁচটি পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী ২৬টি ঘরের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পিডিবি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার নগরীর লালখান বাজার মতিঝর্ণা, খুলশী আকবর শাহ মাজার এলাকা, চন্দ্রনগর, পাহাড়তলী থানার ফিরোজশাহ এবং সীতাকুণ্ড উপজেলার লতিফপুর এলাকায় এসব অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রবল বর্ষণে গত সপ্তাহে চট্টগ্রামে অন্তত সাতটি স্থানে পাহাড় ধসে ২৬ জন নিহত হয়। এ ঘটনায় সোমবার পাহাড় ব্যবস্থাপনা কমিটি বিভিন্ন পাহাড়ে বসবাসকারী পরিবারে দেওয়া অবৈধ গ্যাস-বিদ্যুৎ ও পানি সংযোগ সাত দিনের মধ্যে বিচ্ছিন্ন করার নির্দেশ দেয়। এ সিদ্ধান্তের ২৪ ঘণ্টার মধ্যে পিডিবি কয়েকটি স্থানে অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল। খুলশী বিদ্যুৎ বিতরণ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাহাড়ি এলাকাগুলোতে একজন বৈধ গ্রাহক থেকে কয়েকটি ঘরে অবৈধভাবে সংযোগ হয়েছিল।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমডি/আরএ/১৯৪০ ঘ.