২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্কুলে ভর্তিতে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরতে সময় এক মাস’

শিক্ষার্থী ভর্তির সময় নেওয়া অতিরিক্ত অর্থ আগামী এক মাসের মধ্যে ফেরত না দিলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 05:13 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থী ভর্তির সময় নেওয়া অতিরিক্ত অর্থ আগামী এক মাসের মধ্যে ফেরত না দিলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার সংসদ অধিবেশনে এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদের এক নোটিসের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান। নাহিদ বলেন, “অতিরিক্ত অর্থ ফেরত দিতে সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিস দেওয়া হয়েছে। ভর্তি নীতিমালার বাইরে কেউ অতিরিক্ত অর্থ নিতে পারবে না।” “ভর্তির সময় নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন বাতিল করা হবে। বেতন কেটে নেব,” যোগ করেন শিক্ষামন্ত্রী। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ভর্তির সময় নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত অথবা বেতনের সঙ্গে সমন্বয় করতে গত ৩০ জানুয়ারি নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপরও বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই ভর্তির সময় নেওয়া অতিরিক্তি এই অর্থ ফেরত দেয়নি বলে অভিযোগ রয়েছে। বেবী মওদুদ তার নোটিসে বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ব্যবহারিক পরীক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা বেশি নম্বর দেওয়ার কথা বলে পরীক্ষার্থীদের কাছ থেকে ২০০ থেকে ১ হাজার টাকা নিয়ে থাকেন। এটা সম্পূর্ণ বেআইনি, এটা একটা দুর্নীতি। শিক্ষার্থীরা শিক্ষার্থীদের এই নীতিহীন চরিত্র থেকে অনৈতিক পাঠ গ্রহণ করে উল্লেখ করে এই সংসদ সদস্য এই ‘জঘন্য অপরাধকে’ আইন করে নিষিদ্ধের দাবি জানান। ব্যবহারিক পরীক্ষার সময় শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগের সত্যতা রয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ও গুরুতর অভিযোগ।” তিনি বলেন, “বিষয়টি আমাদের নজরে আছে। তবে সুনির্দিষ্টভাবে ধরতে পারছি না। কারণ নাম-ধাম দিয়ে কেউ তথ্য দেয় না।” এ বিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি তদন্ত করেছে বলে জানান মন্ত্রী। “প্রয়োজনে গোপনে তথ্য দিন। আমরা ব্যবস্থা নেব,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২৩১১ ঘ.