২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে সিরডাপের বিদায়ী মহাপরিচালকের সাক্ষাৎ

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্রের (সিরডাপ) বিদায়ী মহাপরিচালক ড. দুর্গা পি পাউদিয়াল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্রের (সিরডাপ) বিদায়ী মহাপরিচালক ড. দুর্গা পি পাউদিয়াল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে পাউদিয়াল বাংলাদেশের গ্রামীণ উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, গত সাড়ে তিন বছরে শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) খাতে নজিরবিহীন সফলতা অর্জন করেছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। কৃষি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও নারীর ক্ষমতায়নে অনন্য নজির স্থাপন করায় বাংলাদেশ বিশ্বে অনুকরণীয় মডেলে পরিণত হয়েছে বলে সিরডাপের মহাপরিচালক উল্লেখ করেন। সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র নির্মাণে বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তারও প্রশংসা করেন তিনি। সাক্ষাতকালে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার রয়েছে জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিতে। এ লক্ষ্য অর্জনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিশ্চিত এবং মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ তার সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন। সাক্ষাতের সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহেদ উজ জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/১০১৪ ঘ.