২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে মঙ্গলবার পরিবহন ধর্মঘট

দাবি পূরণ না হওয়ায় মঙ্গলবার সকাল থেকে ২৪ ঘণ্টা পরিবহন ধর্মঘট ডেকেছে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক ট্যাঙ্কলরি ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 04:10 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

রাজশাহী, জুলাই ০২ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম)- দাবি পূরণ না হওয়ায় মঙ্গলবার সকাল থেকে ২৪ ঘণ্টা পরিবহন ধর্মঘট ডেকেছে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক ট্যাঙ্কলরি ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি বলেন, ২ জুলাইয়ের মধ্যে পাঁচদফা দাবি মেনে নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত দাবি মেনে নেওয়া হয়নি। “এ কারণে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩ জুলাই সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টা রাজশাহীতে পরিবহন ধর্মঘট পালন করা হবে।” এর আগে গত ২৫ জুন নগরীতে মানববন্ধনে ২ জুলাইয়ের মধ্যে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক ট্যাঙ্কলরি ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের পাঁচদফা দাবি মেনে নেওয়ার জন্য আল্টিমেটাম দেওয়া হয়েছিল। শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, গত ২১ এপ্রিল বিরোধীদলের ডাকা হরতালের পূর্বরাতে রাজধানীর মালিবাগে ঈগল পরিবহনের গাড়িতে আগুন ও ঘুমন্ত অবস্থায় চালক বদর আলী এবং হরতালের দিনে পিকেটারদের হাতে নিহত চালক আবদুর রশিদের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা। এ ছাড়া নিখোঁজ চালক আনছার আলী ও আলী আযমকে খুঁজে বের করা, সড়কে চলাচলরত গাড়ি ও গাড়িচালকের নিরাপত্তা বিধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, ড্রাইভিং লাইসেন্স নবায়ন চালু করা ও নতুন ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে হয়রানি বন্ধ করা এবং দেশব্যাপী সড়ক ও মহাসড়কের পাশে ও জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ট্রাক টার্মিনাল করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২২০৭ ঘ.