২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘট স্থগিত, দক্ষিণ-পশ্চিমের ৫ জেলায় বাস চলাচল শুরু

মহাসড়কে ব্যাটারি ও ডিজেলচালিত তিন চাকার বাহন চলাচল বন্ধের আশ্বাসে খুলনা ও বরিশাল বিভাগের ছয় জেলায় চলা পরিবহন ধর্মঘট ৩২ ঘণ্টা পর তুলে নিয়েছে পরিবহন মালিক ও শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 11:06 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

খুলনা/বাগেরহাট, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাসড়কে ব্যাটারি ও ডিজেলচালিত তিন চাকার বাহন চলাচল বন্ধের আশ্বাসে খুলনা ও বরিশাল বিভাগের ছয় জেলায় চলা পরিবহন ধর্মঘট ৩২ ঘণ্টা পর তুলে নিয়েছে পরিবহন মালিক ও শ্রমিকরা। পুলিশের খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মেজবাহ উদ্দিনের কার্যালয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সোমবার দুপুর সোয়া ২টার দিকে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে খুলনা, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠী, পিরোজপুর রুটে বাস চলাচল পুনরায় শুরু হয়। নছিমন, করিমন, ইজিবাইক, ভটভটি, মহেন্দ্র ও ভাড়ায়চালিত মটরসাইকেলসহ সব ধরনের অবৈধ পরিবহন চলাচল বন্ধের দাবিতে রোববার ভোর থেকে এই পাঁচ জেলা এবং সাতক্ষীরায় বাস চলাচল বন্ধ করে দেয় মালিক ও শ্রমিক সংগঠনগুলো। রোববার রাতে সাতক্ষীরায় ধর্মঘট প্রত্যাহার হলেও অন্য পাঁচ জেলায় বাস চলাচল বন্ধ থাকে। পরিবহন মালিক সমিতির নেতারা বলেছেন, দাবি বাস্তবায়ন না হলে আবার কর্মসূচি নিয়ে মাঠে নামবেন তারা। খুলনা-বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। পুলিশ প্রশাসনের দেওয়া আশ্বাস দ্রুত বাস্তবায়ন না হলে ঈদের পর আবার অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হবে। ডিআইজির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, পিরোজপুর ও ঝালকাঠী বাস মালিক সমিতির নেতারা ছিলেন। বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খান মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাসড়ক থেকে অবৈধ যানবাহন তুলে দিতে পুলিশ প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতিতে আমরা কর্মসূচি স্থগিত করেছি।” ডিআইজি মেজবাহ উদ্দিন জানান, বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শিগগিরই মহাসড়কে চলাচলকারী নছিমন করিমন ও ইজিবাইকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। “এ বিষয়ে সভা থেকেই খুলনা রেঞ্জের প্রতিটি জেলার থানাগুলোকে স্থানীয় ভিজিলেন্স টিম সঙ্গে নিয়ে প্রতিদিন সড়কে নজরদারি এবং অবৈধ যান চলাচল বন্ধ করার ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমআই/১৭০৪ ঘ.