ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও খামার বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় নটরডেম কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জেসান জেবিয়ার গোমেজ (১৯) নটরডেম কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
তেজগাঁও থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা পার হওয়ার সময় ২৭ নম্বর নামে একটি বাস জেসানকে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন। পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, জেসান মারা গেছে।
জেসানের মামা বুলবুল গোমেজ ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, জেসান তার সঙ্গে তেজগাঁও মনিপুর এলাকায় থাকতো।
এক ভাই এক বোনের মধ্যে জেসান বড় ছিলো। জেসানের বাবা বিনোদ গোমেজ যুক্তরাষ্ট্রে বসবাস করেন। মা শিখা গোমেজ ঢাকার নবাবগঞ্জে গ্রামের বাড়িতে থাকেন বলে জানান বুলবুল।
চালককে বাসসহ আটক করা হয়েছে বলে ওসি জানান।
ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৬৫৮ ঘ.
bdnews24