২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রলারসহ ৮ জেলেকে অপহরণ গুলিবিদ্ধ ৪

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদী থেকে সাতটি মাছ ধরার ট্রলারসহ আট জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2012, 04:26 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

নোয়াখালী, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদী থেকে সাতটি মাছ ধরার ট্রলারসহ আট জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। এ সময় দস্যুদের হামলায় গুলিবিদ্ধ হয়েছে চার জন। গুলিবিদ্ধরা হলেন- আবুল কাশেম (৩০), সাহাব উদ্দিন (৩২), শাহেদ উদ্দিন (২৬) ও আরীফ (২৮)। গুলিবিদ্ধ জেলে আবুল কাশেম জানান, শনিবার সকালে কাজিবাজার ঘাট থেকে পূর্ব মেঘনায় মাছ শিকারের জন্য ১২-১৩টি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে তারা বের হন। এ সময় জলদস্যু নিজাম বাহিনীর সদস্যরা দুটি ট্রলারযোগে এসে তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে দস্যুরা জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। তারা চার জন গুলিবিদ্ধ হন। এছাড়া আরো ছয় জেলেকে কুপিয়ে জখম করা হয়েছে বলে জানান কাশেম। গুলিবিদ্ধ দুই জেলে সাহাব উদ্দিন ও আরিফসহ মোট আট জনকে দস্যুরা অপহরণ করেছে জানিয়ে তিনি বলেন, তারা মোট সাতটি ট্রলার নিয়ে গেছে। তমরুদ্দি কোস্টগার্ড কমান্ডার লে. এনায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রলারগুলো উদ্ধারের জন্য অভিযান জলছে। হাতিয়া থানার ওসি মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলা হলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/২২২৫ ঘ.