সিলেট, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কোম্পানীঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া তিন শিশু এখনো নিখোঁজ রয়েছে।
তাদের সন্ধান চেয়ে বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন পরিবারের সদস্যরা।
গত বুধবার পাহাড়ী ঢলে কোম্পানীগঞ্জের কলাবাড়ি এলাকায় কিছু বস্তিঘর ভেঙে গেলে ওই তিন শিশু নিখোঁজ হয়।
এরা হলো- সুনামগঞ্জের দিরাই উপজেলার পাথর শ্রমিক আব্দুল খালিকের মেয়ে শবনম বেগম (৫), শাল্লা উপজেলার মারকুলি গ্রামের পাথর শ্রমিক নাসিরের মেয়ে মুক্তা বেগম (৩) ও দিরাই উপজেলার মাসিমপুর গ্রামের পাথর শ্রমিক সুলতানের মেয়ে মারজিয়া বেগম (৫)।
কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, তিন শিশুর পরিবার বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা প্রশসনকে লিখিতভাবে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত ) নন্দন কান্তি ধর জানান, কলাবাড়ি বস্তির তিনটি শিশু নিখোঁজ রয়েছে বলে সাধারণ ডায়েরি করেছে তাদের পরিবার। পুলিশ অনুসন্ধান শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/জেকে/১৩০৬ ঘ.
bdnews24