২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসুন্ধরা চেয়ারম্যানের বিরুদ্ধে পরোয়ানা

প্লট প্রতারণার মামলায় বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার ছেলেসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 10:46 AM

Updated : 25 Apr 2022, 09:28 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্লট প্রতারণার মামলায় বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার ছেলেসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার মহানগর হাকিম ফারহানা ফেরদৌস বুধবার এ আদেশ দেন। গত বছরের ২৬ ডিসেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লার জালাল আহমেদ স্পিনিং মিলস লিমিটেডের চেয়ারম্যান সেলিম আহম্মেদ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলাটি করেন। আদালত ওইদিন তেজগাঁও থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলেন। এর পরিপ্রেক্ষিতে ১৯ ফেব্রুয়ারি ওই থানার ওসি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। বাদি এ প্রতিবেদন মানেন না বলে এর বিরুদ্ধে আদালতে না-রাজি দরখাস্ত দাখিল করেন। এরপর বুধবার বিচারক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। মামলার বাকি চার আসামি হলেন-আহমেদ আকবর সোবহানের ছেলে সাদাত সোবহান, শ্যালক মাহবুব মোর্শেদ হাসান, মো. তৌহিদুল ইসলাম এবং এম এ হাসান। এরা ইস্ট ওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের শীর্ষ কর্মকর্তা। মামলায় অভিযোগ করা হয়, বসুন্ধরা বারিধারা আবাসিক প্রকল্পে পাশাপাশি তিনটি প্লট কেনার জন্য দৈনিক কাগজে বিজ্ঞাপন দেখে বাদি প্রথমে তিন কোটি ৯৫ লাখ টাকা দেন। কিন্তু তাকে আসামিরা প্লট বরাদ্দ না দিয়ে ঘোরাাতে থাকেন। পরে আহমেদ আকবর সোবহান ২০০৮ সালে বিদেশ থেকে ফিরে আসার পর ওই প্লট নেওয়ার জন্য আরো অতিরিক্ত ১ কোটি টাকা বাদির কাছ থেকে দাবি করেন। গত ২৫ এপ্রিল প্লট প্রতারণার আরো এক মামলায় একই আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এ মামলার কার্যক্রম হাইকোর্টর নির্দেশে স্থগিত রয়েছে। এছাড়া গত বৃহস্পতিবার ভুয়া নথি দেখিয়ে জমি দখলের চেষ্টার আরেকটি আকবর সোবহানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৬৪৩ ঘ.