চট্টগ্রাম, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বর্ষণের কারণে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ রয়েছে বন্দরের বহির্নোঙ্গরে পণ্য খালাস।
বিমানবন্দরের ব্যবস্থাপক স্কোয়াড্রন লিডার রবিউল ইসলাম মঙ্গলবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অতিবর্ষণের কারণে বিমানবন্দরের রানওয়েতে পানি জমে গেছে। রানওয়ের বাতিগুলো অস্পষ্ট হয়ে গেছে।”
এই পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে বিকাল সাড়ে ৪টা থেকে বিমান উড্ডয়ন ও অবতরণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।
এদিকে অতিবর্ষণ ও বিরূপ আবহাওয়ার কারণে বন্দরের বহির্নোঙ্গরে অবস্থান করা তেরটি জাহাজে পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকার কথা জানিয়েছেন চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন।
বন্দর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ২০টি জাহাজ অবস্থান করছিল। এর মধ্যে তেরটি খাদ্যশস্যবাহী জাহাজে পণ্য খালাস বন্ধ রয়েছে। এ ছাড়া বন্দরে ভেড়ার অপেক্ষায় রয়েছে সাতটি কন্টেইনারবাহী জাহাজ। মূল জেটিতে আছে আটটি জাহাজ।
গত ছয়দিন ধরেই টানা বৃষ্টির কবলে রয়েছে চট্টগ্রামবাসী। মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বন্দরনগরীতে ১০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
কয়েকদিনের টানা বর্ষণে নগরীর চকবাজার, বাকলিয়া, হালিশহর, ষোলশহর দুই নম্বর গেইট, জিইসি মোড়, মুরাদপুর, প্রবর্তক মোড়, চান্দগাঁও আবাসিক এলাকা, মোগলটুলি, কাতালগঞ্জ, শুলকবহর ও বহদ্দারহাটসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি ঢুকে গেছে নগরীর নিচু এলাকার বাসা বাড়িতেও।
গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় কয়েকটি এলাকায় যানবাহন চলচলও বন্ধ হয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/জেকে/১৭৩৬ ঘ.
bdnews24