ঝালকাঠী, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের প্রেমহার গ্রামে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে এক মাদ্রাসা ছাত্রী।
সোমবার রাত দেড় টার দিকে এ ঘটনা ঘটে।
ওই গ্রামের কৃষক ছত্তার হাওলাদারের মেয়ে নিহত সাবিনা আক্তার (১৪) ভৈরবপাশা দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী ছিল।
ছাত্রীটি মানুসিক ভারসম্যহীনতায় ভুগছিল বলে নিহতের পরিবারের বরাত দিয়ে জানায় পুলিশ।
ঝালকাঠী সহকারী পুলিশ সুপার আ খ ম আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গভীর রাতে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির উঠোনে নিজের গায়ে আগুন দেয় মেয়েটি।
আশঙ্কাজনক অবস্থায় পরিবারের সদস্যরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ছাত্রীর লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২১০ঘ.
bdnews24