মাগুরা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তারের চেষ্টাকে কেন্দ্র করে মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, শনিবার সকালে কুচিয়ামোড়ার নতুন গ্রামের দুই প্রভাবশালী মনি কুমার বিশ্বাস ও অজিত বিশ্বাসের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে ১০ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- মনিকুমার বিশ্বাস (৫০), অনিমেষ বিশ্বাস (৪২), সবুজ বিশ্বাস (৩০), বিপ্লব বিশ্বাস (২৮), শিখা বিশ্বাস (৩৫), প্রশান্ত বিশ্বাস (৫০), প্রবীণ বিশ্বাস (৪৫), প্রকাশ বিশ্বাস (২৫), শিরিন বিশ্বাস (৩৫) ও অমল বিশ্বাস (৪০)। এদের মধ্যে অনেকেই পরস্পরের আত্মীয়।
শত্রুজিতপুর ক্যাম্পের এসআই বিশ্বজিত বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনি কুমার বিশ্বাস স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতা। এলাকার আধিপত্য নিয়ে অজিতের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
শনিবার সকাল ১০টার দিকে দুই পক্ষের দুই সমর্থকের মধ্যে কথাকাটি হলে এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। দুই পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে একে অন্যের ওপর হামলা চালায়।
পুলিশ পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে সদর থানার ওসি আসাদুজ্জামান মুন্সী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
ওই এলাকার বাসিন্দা অমিত বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালে ভর্তি ছাড়াও আরও কমপক্ষে ১০জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৩৫ ঘ.
bdnews24