ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎপাদিত পণ্য বিক্রিতে আন্তর্জাতিক ক্রেতাগোষ্ঠী তৈরির পাশাপাশি দেশের ভেতরেও বাজার সৃষ্টির পরামর্শ শিল্পোদ্যোক্তাদের দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের (এনসিআইডি) প্রথম বৈঠকে তিনি এই পরামর্শ দেন বলে তার প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, “বিশ্ব বাজারের সাথে সাথে অভ্যন্তরীণ বাজার তৈরি করা দরকার। দেশে উৎপাদিত পণ্যের জন্য অভ্যন্তরীণ বাজারের উন্নয়ন হলে শিল্পোন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”
পরিকল্পনা অনুযায়ী শিল্প প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পরিবেশ রক্ষার ব্যবস্থা নিতে হবে।
শিল্প প্রতিষ্ঠানগুলোতে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (ইটিপি) স্থাপন, বৃষ্টির পানি ধারণ এবং ভূ-উপরিস্থ পানি ব্যবহারের কথাও বলেন প্রধানমন্ত্রী।
বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের শিল্প বিনিয়োগে উৎসাহিত করার লক্ষ্যে মিউচুয়াল ফান্ড গঠন, ভূমি অধিগ্রহণের মাধ্যমে ক্লাস্টারভিত্তিক শিল্প পার্ক স্থাপনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, পরকিল্পনামন্ত্রী এ কে খন্দকার, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন, বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান, বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১৯১১ ঘ.
bdnews24