২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদল কর্মীর হাত কেটে নিল প্রতিপক্ষ

বরিশাল শহরের রোকেয়া আজিম সড়কে ওই ঘটনার পর আরেক যুবদল কর্মীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 05:05 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

বরিশাল, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল শহরের ভাটিখানা এলাকার এক যুবদল কর্মীর হাত কেটে নিয়েছে প্রতিপক্ষরা। মো. নিজাম (৩২) নামে ওই যুবকের দুই পা এবং অন্য হাতের রগও কেটে দেওয়া হয়েছে। কুপিয়ে জখম করা হয়েছে শরীরের বিভিন্ন স্থানে। কাউনিয়া থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, রোববার রাতে নগরীর রোকেয়া আজিম সড়কের হাউজিং মাঠে এ ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে আরেক যুবদল কর্মীসহ দুইজনকে আটক করা হয়েছে। নিজাম নগরীর ভাটিখানা কাজী বাড়ী মসজিদ এলাকার মানিক হাওলাদারের ছেলে এবং ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শাহীন হাওলাদার রাজার ছোট ভাই। আটক দুজন হলেন কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার মো. সোনামদ্দির ছেলে মো. জসিম (৩৫) ও ভাটিখানা এলাকার হারুন ভূঁইয়ার ছেলে মো. মনির। নিজামসহ এরা সবাই বরিশাল সদর আসনের সাংসদ ও বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ারের অনুসারী। শাহীন হাওলাদারের দাবি, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের পদ নিয়ে বিরোধের জেরে তার ভাইয়ের ওপর এভাবে হামলা চালানো হয়েছে। তবে পুলিশ বলছে, ঘটনা ঘটেছে মাদক বিক্রির ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নিজাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নান্টু নামের এক যুবক রাতে তাকে ভাটিখানা পুরান বাকলা থেকে ডেকে রোকেয়া আজিম সড়কের হাউজিং মাঠে নিয়ে যায়। সেখানে থাকা যুবদল নেতা জসিম তাকে কুপিয়ে জখম করে। এরপর জসিমের সঙ্গে থাকা হুমায়ুন, মনির, সুমন, ফরহাদ ও পাপ্পু চারদিক থেকে ঘিরে ফেলে নিজামের বাম হাত কব্জির নিচ থেকে এবং দুই পায়ের রগ কেটে তাকে মাঠের মধ্যে ফেলে রেখে যায়। পরে নিজামের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার ভাই শাহীন হাওলাদার রাজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জসিম ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতির পদ পাওয়ার চেষ্টা করছে। আর সাবেক সভাপতি হিসেবে তিনিও একই পদের জন্য দলীয় কার্যক্রম চালাচ্ছেন। এ কারণেই জসিমের নেতৃত্বে সন্ত্রাসীরা নিজামের ওপর হামলা চালিয়ে হাত কেটে নিয়েছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানান, বিগত বিএনপি সরকারের সময় মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম আনিচের সহযোগী সুমনকে কুপিয়ে আহত করে নিজাম। তার জের ধরেও নিজামের ওপর হামলা হয়ে থাকতে পারে। কাউনিয়া থানার এসআই আনোয়ার বলেন, “মাদক বিক্রির ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে বলে আমাদের ধারণা। ঘটনার পর পর নিজামের বক্তব্য অনুযায়ী জসিম ও সুমনকে আটক করা হয়েছে।” তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১০০ ঘ.