ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলায় সংশ্লিষ্ট সিআইডি কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ ইউসুফকে জেরা করেছেন তিন আসামির আইনজীবী।
রোববার সিআইডির সাবেক তিন কর্মকর্তার আইনজীবীর জেরা শেষে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নুরুদ্দিন পরবর্তী শুনানির জন্য ২০ জুন দিন রেখেছেন।
সিআইডির ওই তিন কর্মকর্তা হলেন- পুলিশের বিশেষ সুপারিনটেনডেন্ট (এসএসপি) রুহুল আমিন এবং সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মুন্সী আতিকুর রহমান ও আব্দুর রশিদ।
এর আগে বিভিন্ন তারিখে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক আইজিপি খোদা বখ্শ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও আরো ৪৩ জনের আইনজীবীরা সিআইডি কর্মকর্তাদের জেরা করেন।
বর্তমানে কারাগারে থাকা ৫২ অভিযুক্তের মধ্যে লুৎফুজ্জামান বাবর ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ২৬ জনকে এবং জামিনে থাকা সাবেক আইজিপিসহ সাত জনকে আদালতে হাজির করা হয়।
মামলা দায়েরের সময় থেকেই তারেক রহমানসহ আরো ১৮ আসামি পলাতক রয়েছেন।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ নেতাকর্মী নিহত হন। আহত হন প্রায় দুইশ’ জন। তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
এ হামলার মামলায় ২০০৮ সালে বিএনপির সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু এবং জঙ্গি সংগঠন হরকতুল জিহাদের শীর্ষ নেতাসহ ২২ জনের বিরুদ্ধে সিআইডি অভিযোগপত্র দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএএইচ/এএল/২১৩০ ঘ.
bdnews24