খুলনা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার বটিয়াঘাটা উপজেলায় দেড় কোটি টাকার ঠিকাদারি কাজের দরপত্র দাখিলকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের মধ্যে মারামারি হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বটিয়াঘাটা উপজেলা কার্যালয়ে এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এই বিষয়ে রাজনৈতিক পরিচয় উল্লেখ না করে উপজেলা এলজিইডির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মমিনুর রহমান সাংবাদিকদের বলেছেন, স্থানীয়দের মধ্যে বদানুবাদ হয় এবং তা পুলিশের হস্তক্ষেপে ঠিকও হয়ে যায়।
বটিয়াঘাটা উপজেলায় এলজিইডির ৩য় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পে ১ কোটি ৫৮ লাখ ৯০ হাজার টাকায় তিনটি স্কুল ভবনের কাজের দরপত্র জমা দেয়ার শেষ সময় ছিল বৃহস্পতিবার দুপুর ১টায়।
সাধারণ ঠিকাদাররা সাংবাদিকদের জানান, সকাল থেকে উপজেলা ছাত্রলীগের কিছু নেতাকর্মী প্রকৌশল দপ্তরের কাছে অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে খুলনা থেকে জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল তার কয়েকজন সঙ্গী নিয়ে দরপত্র দাখিল করতে যায়। সেখানে দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে বটিয়াঘাটা ছাত্রলীগের মেহেরাব হোসেন ও মনিরুল ইসলাম হামলার শিকার হন।
এ প্রসঙ্গে বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের সদস্য সচিব মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর ১২টার দিকে খুলনা জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল, হাদিউজ্জামান ও ফরিদ রানাসহ কয়েকজন এসে টেন্ডার দাখিলে বাধা দেয়।
“এর প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে উপজেলা ছাত্রলীগের সদস্য মেহেরাব হোসেন ও জলমা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলামকে মারধর করে।”
তবে ছাত্রলীগ নেতাদের দোষ দিয়ে জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান বলেন, “ওরা (মেহেরাব ও মনিরুল) ওখানে কাউকে টেন্ডার জমা দিতে দিচ্ছিল না। এমনকি আমাকেও বাধা দেয় তারা। তখন আমি জেলা যুবলীগের নেতা হিসেবে তাদের শাসন করেছি। তাছাড়া তারা কেউ ঠিকাদার নয়।”
ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মমিনুর রহমান বলেন, দরপ্রস্তাব জমা নেওয়া শুরুর কিছু সময় পর স্থানীয় নেতারা বাইরে থেকে আসা ঠিকাদারদের দরপত্র জমাদানে বাধা দেয়। এ নিয়ে অফিস থেকে কিছুটা দূরে স্থানীয়দের মধ্যে বদানুবাদ হয়।
পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এমআই/২০১৬ ঘ.
bdnews24