ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের দুটি সড়কের লেন বাড়াতে কুয়েত ফান্ড ফর আরব ইকোনোমিক ডেভেলপমেন্টের সঙ্গে চুক্তি করেছে যোগাযোগ মন্ত্রনালয়।
বুধবার যোগাযোগ মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প নেওয়া হয়েছে।
চুক্তি অনুযায়ী চট্টগ্রামের বহদ্দারহাট থেকে কর্ণফুলী সেতু পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ অ্যাপ্রোচ সড়কটি ছয় লেনে উন্নীত করা হবে। এ জন্য সম্ভাব্য ব্যয় হবে ১৫৩ কোটি টাকা।
এছাড়া কর্ণফুলী সেতুর অপর প্রান্তে মইজ্জারটেক হতে ওয়াই-জংশন পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে। এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি টাকা।
কুয়েত ফান্ড অব আরব ইকোনোমিক ডেভেলপমেন্টের প্রকৌশল উপদেষ্টা মো. এস. ওয়াই. আল হাদিদি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব (মধ্যপ্রাচ্য) মো. জাহাঙ্গীর আলম চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, সড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ দুটি সড়ক প্রশস্ত করা হলে কর্ণফুলী সেতুর দুই পাশে যানজট কমবে এবং চট্টগ্রাম শহরে ঢোকা ও বের হওয়ার পথে সৃষ্ট যানজট নিরসন হবে বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৮১১ ঘ.
bdnews24