২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু তহবিলঅনুমোদন পেল ১৫ কোটি ডলারের ছয় প্রকল্প

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বনায়ন, বাঁধ ও খাদ্য গুদাম নির্মাণ এবং সচেতনতা সৃষ্টির জন্য ১৫ কোটি ৩০ লাখ ডলারের ছয়টি প্রকল্প অনুমোদন করেছে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন রেজিলিয়েন্স তহবিলের (বিসিসিআরএফ) গভর্নিং কাউন্সিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 08:03 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বনায়ন, বাঁধ ও খাদ্য গুদাম নির্মাণ এবং সচেতনতা সৃষ্টির জন্য ১৫ কোটি ৩০ লাখ ডলারের ছয়টি প্রকল্প অনুমোদন করেছে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন রেজিলিয়েন্স তহবিলের (বিসিসিআরএফ) গভর্নিং কাউন্সিল। এর মধ্যে তিনটি প্রকল্পের বিষয়ে চূড়ান্ত এবং তিনটির বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিসিসিআরএফ গভর্নিং কাউন্সিলের দ্বিতীয় সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। বিভিন্ন দাতা সংস্থা ও দেশের কাছ থেকে এ পর্যন্ত মঞ্জুরি সহায়তা হিসেবে ১৭ কোটি ডলার পেয়েছে বিসিসিআরএফ। দাতাদের সহায়তায় গঠিত বাংলাদেশ সরকারের এ তহবিলটি বিশ্ব ব্যাংকের মাধ্যমে পরিচালিত হয়। সভা শেষে হাছান মাহমুদ বলেন, তহবিলে এ পর্যন্ত যে অর্থ পাওয়া গেছে তার ৯০ শতাংশই এ ছয় প্রকল্পের অধীনে বরাদ্দ দেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদন পাওয়া তিন প্রকল্পের মধ্যে ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উপকূল এলাকায় অংশীদারিত্বমূলক বনায়ন প্রকল্পে’ ৩ কোটি ৩৮ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। খুলনা বিভাগ ছাড়া অন্যসব বিভাগের উপকূলীয় এলাকায় পাঁচ বছরে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। ‘কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ’ প্রকল্পে এক কোটি ২৫ লাখ ডলার বরাদ্দের প্রস্তাবেও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় সুশীল সমাজ ও বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) জন্য বিভিন্ন প্রকল্প যাচাই ও অনুমোদনের দায়িত্ব দেওয়া হয়েছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফকে। এতে মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। চূড়ান্ত অনুমোদন পাওয়া ‘কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় অভিযোজন প্রকল্প’ দুই কোটি ২৮ লাখ ডলার বরাদ্দ পেয়েছে। কৃষি স¤প্রসারণ অধিদপ্তর (ডিএই) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এ প্রকল্প বাস্তবায়ন করবে। এছাড়া উপকূলীয় এলাকায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যগুদাম (সাইলো) নির্মাণ, সৌর সেচ প্রকল্প এবং উড়িরচর থেকে নোয়াখালী পর্যন্ত বেরিবাঁধ (ক্রস ড্যাম) নির্মাণের সম্ভাব্যতা যাচাই প্রকল্পে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান। উপকূলীয় এলাকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যগুদাম প্রকল্পে দুই কোটি ৫০ লাখ ডলার বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে খাদ্য বিভাগ। এসব খাদ্যগুদামে চার বছর পর্যন্ত খাদ্যশস্য সংরক্ষণ করা সম্ভব হবে। বিদ্যুৎ বিভাগ বাস্তবায়ন করবে সৌর সেচ প্রকল্প। এতে দুই কোটি ৫০ লাখ ডলার ব্যয় হবে। এছাড়া উড়িরচর থেকে নোয়াখালী পর্যন্ত বেরিবাঁধ (ক্রস ড্যাম) নির্মাণের সম্ভাব্যতা যাচাই প্রকল্পের জন্য সাত লাখ ডলার বরাদ্দ চাওয়া হয়েছে। প্রকল্পটি নীতিগত অনুমোদন পেলেও এজন্য কোনো নির্দিষ্ট অংকের অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। দেশীয় বিশেষজ্ঞ দিয়ে আরো কম অর্থে এ প্রকল্পের কাজ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয় সভায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৫৪০ ঘ.