২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যৌতুকলোভী’ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারে পরোয়ানা

যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের মামলায় বরিশালের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 12:03 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের মামলায় বরিশালের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাদিকুল ইসলাম তালুকদার ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে এ মামলার অন্য তিন আসামির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বলে বাদির আইনজীবী রায়হান মোর্শেদ জানিয়েছেন। গত ১৭ জানুয়ারি এই আদালতে মামলা করেন ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী আনোয়ার-ই তাসলিমা। আইনজীবী রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলায় রোববার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১০ জুলাই সাক্ষ্যগ্রহণের দিন রাখা হয়েছে। আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে তিনি জানান। অন্য যে তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তারা হলেন- মঞ্জু, সাব্বির, নাসির উদ্দিন টুকু। এরা সবাই পুলিশ কর্মকর্তা আজাদের আত্মীয়। মামলার সময় আবুল কালাম আজাদ বরিশাল ডিআইজি রেঞ্জ অফিসে স্টাফ অফিসার হিসাবে কর্মরত ছিলেন। মামলায় বলা হয়, ২০১০ সালের অক্টোবর মাসে ফেইসবুকের মাধ্যমে ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে তাসলিমার পরিচয় হয়। এরপর তাদের বিয়ে হয়। বিয়ের পর তাসলিমার কাছ থেকে ওই পুলিশ কর্মকর্তা প্রথমে তিন লাখ এবং পরে ৫ লাখ টাকা যৌতুক নেন বলে তাসলিমার অভিযোগ। মামলায় বলা হয়, চাকরিতে বদলির তদবিরের জন্য ৮ অক্টোবর স্ত্রীর কাছে আরো দুই লাখ টাকা চান ওই পুলিশ কর্মকর্তা। তা না দিলে তাসলিমাকে হারপিক খাইয়ে হত্যার চেষ্টা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/১৭৫৬ ঘ.