ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানুষের সরলতার সুযোগ নিয়ে যেসব মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি প্রতারণা করেছে তাদের চিহ্নিত করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান।
“যেসব মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি মানুষের বিশ্বাসকে পুঁজি করে প্রতারিত করছে, এদের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করুন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব,” বুধবার সাংবাদিকদের বলেছেন তিনি।
মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ডেসটিনির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কমিশন চেয়ারম্যান বলেন, “পত্র-পত্রিকায় যতটা খবর বেরিয়েছে, তাতে মনে হয়েছে সাধারণ মানুষের অর্থ লুটপাটে এরাও জড়িত।”
তিনি বলেন, “গত কয়েক বছরে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকায় নিুবিত্তের মানুষের হাতে কিছু সঞ্চয় জমেছে। কিছু চালাক-চতুর লোক দ্রুত বড় লোক বানিয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়ে ওই সঞ্চয় লুটের কৌশল নিয়েছে।”
“কিন্তু এরা সম্পদ বৃদ্ধির কাজ করছে না, লুটের কাজ করছে। আইনজীবীদের চাতুরির সহায়তায় এইসব চতুর লোক বারবার পার পেয়ে যায়,” বলেন কমিশন চেয়ারম্যান।
ডেসটিনির আরো ৩ পরিচালককে জিজ্ঞাসাবাদ
ডেসটিনি এবং এর ৩৭টি সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ওই প্রতিষ্ঠানগুলোর আরো তিন কর্মকর্তাকে বুধবার জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
এরা হলেন- পরিচালক সাজ্জাদ হোসেন, মেজবাহ উদ্দিন স্বপন ও ইরফান আহমেদ সানি।
তবে জিজ্ঞাসাবাদের জন্য সময় নির্ধারিত থাকলেও তারিকুল হুদা সরকার আসেননি বলে জানান দুদক কর্মকর্তারা।
বৃহস্পতিবার পরিচালক হোসনে আরা ইসলাম, ফারাহ দীবা, সেলিনা রহমান ও মিতু রানী বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করবে দুদক।
মঙ্গলবার ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন, চেয়ারম্যান মাহমুদ হোসেন, পরিচালক গোফরানুল হক ও সাইদ-উর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়।
রফিকুল আমীন বুধবারও কমিশন কার্যালয়ে যান।
তিনি সাংবাদিকদের বলেন, “ডেসটিনির টি-প্ল্যানটেশনের সব কাগজ-পত্র আজ জমা দিয়েছি। ১১ বছরের কার্মকাণ্ডের খতিয়ান দু’এক দিনে দেওয়া সম্ভব নয়। তবে আমরা চেষ্টা করব দ্রুত দিয়ে দিতে।”
একজন পরিচালকের ব্যাংক হিসেবে ৬৭ লাখ টাকা স্থানান্তরে দুদকের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সাড়ে ১০ শতাংশ কমিশন পেয়ে থাকি। ওই অর্থ আমাদের ব্যাংক হিসাবে যেতেই পারে।”
গত ২৭ মে গ্রাহকদের অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগে জিজ্ঞাসাবাদ করতে ডেসটিনির ওই চারজনসহ ১২ কর্মকর্তাকে নোটিস দেয় দুদক।
বাংলাদেশ ব্যাংকের তদন্তে ডেসটিনির আর্থিক অনিয়ম ধরা পড়ে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর ওই অনিয়ম অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। কমিশনের উপ-পরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলামকে নিয়ে একটি তদন্ত দল গঠন করা হয়।
প্রায় দুই মাস অনুসন্ধান শেষে গত ২৩ মে কমিশনে প্রতিবেদন জমা দেয় তদন্ত দল। এতে ডেসটিনি ২০০০ লিমিটেড এবং এর সহযোগী অপর প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া যায় বলে উল্লেখ করে তদন্ত দল।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানির শীর্ষ ব্যক্তিরা কয়েকশ’ কোটি টাকার দুর্নীতি করেছে। এছাড়া বিদেশ থেকে কম দামে পণ্য আমদানি এবং দেশের মধ্যে কম দামে জমি কিনে তা গ্রাহকদের কাছে বেশি দাম দেখানো হয়েছে। আর ওই অতিরিক্ত অর্থ কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট থেকে কর্মকর্তারা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৮৪৫ ঘ.
bdnews24