ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজেট অধিবেশনে যোগ দিয়ে জাতীয় ইস্যুতে সংসদ সদস্যদের আলোচনার আহ্বান জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ।
রোববার ত্রয়োদশ অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “আমি আশা করি সরকারি ও বিরোধী দলের সংসদ-সদস্যরা ২০১২-২০১৩ আর্থিক বছরের বাজেটের খুঁটিনাটি তুলে ধরে বাজেটকে আরো অর্থবহ ও বাস্তবমুখী করতে ভূমিকা রাখবেন।”
সংসদ সদস্যদের সংসদমুখী হওয়ারও পরামর্শ দেন আবদুল হামিদ।
এর আগে বিকেল সাড়ে ৫টায় নবম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন শুরু হয়। মহাজোট সরকারের আগের তিনটি বাজেটে অনুপস্থিত থাকার পর চতুর্থ বাজেটেও অনুপস্থিত রয়েছেন বিরোধী দলের সাংসদরা।
সংসদ সদস্যদের উদ্দেশ্যে স্পিকার বলেন, “আমি আশা করি আপনারা সংসদে এসে কথা বলবেন এবং বিভিন্ন ইস্যুতে বিতর্ক করবেন। সংসদীয় কার্যক্রমে বিতর্ক খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিতর্কের মাধ্যমেই প্রকৃত সত্য বেরিয়ে আসে এবং সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সহায়তা করে।”
গত ১০ মে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান নবম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন ডাকেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ধারা অনুযায়ী তিনি এ অধিবেশন আহ্বান করেন।
সংবিধান অনুযায়ী, এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হয়। সে হিসেবে ২৮ মের মধ্যে বাজেট অধিবেশন শুরুর সাংবিধানিক বাধ্যবাধকতাও ছিল।
এর আগে ২৯ মার্চ সংসদের দ্বাদশ অধিবেশন শেষ হয়। ৭৭ কার্যদিবসের দ্বাদশ অধিবেশনের মাঝামাঝিতে বিরোধী দল সংসদে ফিরেছিল। পাশাপাশি ওই অধিবেশনে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া রেকর্ড সময় বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এএল/১৮৩৫ ঘ.
bdnews24