নোয়াখালী, ২৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী-ঢাকা আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেস শনিবার থেকে নতুন সময়সূচিতে চলবে।
এছাড়া এই ট্রেনের সঙ্গে একটি তাপানুকূল কোচও সংযোজিত হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকালে পরিবর্তিত সময়সূচি অনুযায়ী তাপানুকূল কোচ সংযোজিত এই ট্রেনের উদ্বোধন করবেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের।
উদ্বোধনের পর ওই ট্রেনে চড়ে মন্ত্রী ঢাকা যাবেন বলেও জানানো হয়।
মাইজদী কোর্ট স্টেশন মাস্টার শফিকুর রহমান ভূঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন সময় অনুযায়ী ট্রেনটি প্রতিদিন সকাল সাড়ে ৬টায় নোয়াখালী থেকে ছেড়ে দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছবে।
এদিকে বিকাল বিকাল ৪টায় কমলাপুর থেকে ছেড়ে নোয়াখালী পৌঁছবে রাত সাড়ে ১০টায়।
উপকূল এক্সপ্রেস চালু হওয়ার ২৬ বছর পর নোয়াখালীবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হল।
১৯৮৬ সালে ঢাকা-নোয়াখালী রুটে উপকূল এক্সপ্রেস ট্রেন চালু হয়। তখন থেকে ট্রেনটি সকাল ৭টায় কমলাপুর থেকে ছেড়ে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে নোয়াখালী পৌঁছত। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যেত। এতে ট্রেনটি অনেক রাতে রাজধানীতে পৌঁছার কারণে যাত্রীদের সমস্যায় পড়তে হতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২২২৪ ঘ.
bdnews24