২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকার আচরণ তার আইনজীবীর মধ্যেও

আগের মতোই ট্রাইব্যুনালকে কটাক্ষ করে বক্তব্য দিয়ে কথা বলে যাচ্ছেন যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি সালাউদ্দিন কাদের চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 04:32 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের মতোই ট্রাইব্যুনালকে কটাক্ষ করে বক্তব্য দিয়ে কথা বলে যাচ্ছেন যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি সালাউদ্দিন কাদের চৌধুরী। মঙ্গলবার বিএনপির এই নেতার পাশাপাশি তার আইনজীবী আহসানুল হকও ট্রাইব্যুনালে জেরার সময় সাক্ষীকে নিয়ে রসিকতা করেন, যাতে আহত বোধ করেছেন সাক্ষী মোহাম্মদ সলিমুল্লাহ। বিচারপতি নিজামুল হক নাসিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষী সলিমুল্লাহকে মঙ্গলবার আড়াই ঘণ্টা ধরে জেরা করা হয়, বুধবার আবার জেরা হবে। আহসানুল হকের জেরার ধরন নিয়ে প্রশ্ন তুলে প্রসিকিউটার জেয়াদ আল মালুম কয়েকবার উঠে দাঁড়ান। তখন কাঠগড়ায় থাকা সালাউদ্দিন প্রসিকিউরকে কটাক্ষ করেও কথা বলতে থাকেন। কারবন্দি সালাউদ্দিন সকালে কাঠগড়ায় ওঠার সময় থেকে ট্রাইব্যুনালকে ‘গৃহপালিত’ বলে মন্তব্য করেন। “এই ট্রাইব্যুনাল একটি গৃহপালিত আদালত ছাড়া কিছু নয়। কোনো কিছুুকে ট্রাইব্যুনাল নামে ডাকলেই তা ট্রাইব্যুনাল হয়ে যায় না।” “কক্ষের ভাড়া দৈনিক ৩০ টাকা, কিন্তু হোটেলের নাম আন্তর্জাতিক হোটেল,” সালাউদ্দিনের রসিকতার ধরন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগের বিচার চলছে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের। সালাউদ্দিন কাঠগড়ায় উঠেও উচ্চ স্বরে কথা চালিয়ে যাচ্ছিলেন। আর তার পরিবারের সদস্যরা ও আসামি পক্ষের কৌঁসুলিরা সে কথা শুনে হাসছিলেন। পৌনে ১১টার দিকে আদালতের কার্যক্রম শুরু হলে চুপ হন সালাউদ্দিন। সালাউদ্দিনের কথার মতো ছিল তার কৌঁসুলির জেরার ধরন। তার একটি কথায় সাক্ষী সলিমুল্লাহ আবেগাপ্লুত হয়ে পড়েন। এক ঘণ্টার বেশি সময় জেরা চলার পর সলিমুল্লাহ পানি পান করতে চাইলে আহসানুল হক বলেন, “তাকে তাড়াতাড়ি পানি দিন। পানির পিপাসায় তিনি মরে যেতে পারেন, যা তাকে ১৯৭১ সালের মতো মৃত্যুর কাছাকাছি নিয়ে যাবে।” সলিমুল্লাহ উত্তর দেন, “আমার বেদনা নিয়ে মজা করবেন না।” সলিমুল্লাহ সাক্ষ্যে ৭১ সালের একটি ঘটনা তুলে ধরে বলেছিলেন, চট্টগ্রামে টিলার ওপর বিএনপি নেতার বাড়ি গুডস্ হিলে তাকে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল এবং সেসময় তার মনে হয়েছিল, পিপাসায় তিনি হয়ত মরেই যাবেন। জেরার সময় আইনজীবী চট্টগ্রামের বাসিন্দা আহসানুল মাঝে মাঝে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলায় বাধ্য হয়ে সলিমুল্লাহকেও একইভাবে উত্তর দিতে হচ্ছিল। ওই সময় আঞ্চলিক ভাষায় আহসানুলের করা একটি মন্তব্য সম্পর্কে বিচারপতি নিজামুল হক জানতে চাইলে সলিমুল্লাহ ব্যাখ্যা করে বলেন, “তিনি এইমাত্র আমাকে বলেছেন যে আমি নিজের দুর্ভাগ্য ডেকে আনছি।” নিজামুল হক তখন দুর্বোধ্য কোনো ভাষা ট্রাইব্যুনালে ব্যবহার না করার জন্য আসামি পক্ষের কৌঁসুলিকে বলেন। তখন কাঠগড়ায় থাকা সালাউদ্দিন কাদের বলে ওঠেন, “আপনারা চট্টগ্রাম থেকে একজন বিচারক ভাড়া করে আনেন না কেন?” আদালত মুলতবি হওয়ার পর আহসানুলকে সংসদ সদস্য সালাউদ্দিনের দিকে হেঁটে যান, তারা কথাও বলেন, যা পাশ থেকেও শোনা যায়। “দেখ গিয়ে, সাক্ষী হয়ত তার প্যান্ট ভিজিয়ে ফেলেছে,” আইনজীবী এই কথা বলেন, আর তা শুনে হাসিতে ফেটে পড়েন সালাউদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচ/এইচএএইচ/এমআই/২২৩০ ঘ.