নরসিংদী, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে ভুল চিকিৎসার কারণে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার রাতে নরসিংদী সদর হাসপাতালে ওই ছাত্রের মৃত্যুর পর এলাকার কয়েকশ মানুষ হাসপাতালে এলে চিকিৎসকরা পালিয়ে যান।
অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
নিহত স্কুলছাত্র রায়হান মল্লিক (১০) শহরের উত্তর নাগরিয়াকান্দী মহল্লার সাইদ মল্লিকের ছেলে। সে ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।
রায়হানের চাচি বিউটি বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রায়হান স্কুলে খেলতে গিয়ে মঙ্গলবার পায়ে ও পিঠে ব্যাথা পায়। বুধবার তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সেখান থেকে অর্থোপেডিক চিকিৎসক আবুল কালাম আজাদের এখানে পাঠানো হয়। আবুল কালাম আজাদ ব্যবস্থাপত্র দেন এবং রোলাক ১০ মিলিগ্রাম ইনজেকশান দিয়ে রায়হানকে বাড়ি পাঠিয়ে দেন।
বাড়িতে রায়হানকে ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ খাওয়ানো হয়, কিন্তু বৃহস্পতিবার আবার ব্যাথা শুরু হলে তাকে সন্ধ্যা ৭টায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় বলে জানান বিউটি।
তখন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শামীম আহমেদ মোবাইল ফোনে আজাদের সঙ্গে যোগাযোগ করেন। আজাদ পূর্বের ব্যাবস্থাপত্র অনুযায়ী আবার রোলাক ইনজেকশান দেওয়ার নির্দেশ দেন বলে জানান রায়হানের বাবা সাইদ মল্লিক।
“চিকিৎসক শামীম রাত ৯টায় রোলাক ১০ মিলিগ্রামের একটি ইনজেকশান জরুরি বিভাগের ব্রাদার বিনোদ সাহাকে পুশ করতে বলেন। ব্রাদার ইনজেকশান দেওয়ার ১০ মিনিটের মধ্যে রায়হান মারা যায়”, বলেন সাইদ মল্লিক।
এরপরই চিকিৎসক শামীম আহমেদ, বিনোদ সাহাসহ অন্যান্যরা হাসপাতাল থেকে পালিয়ে যান।
রায়হানের মৃত্যুর খবর পেয়ে এলাকাবাসী ও তার স্কুলের শিক্ষক ও সহপাঠীরা হাসপাতালে ছুটে এলে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে থানা থেকে দুই প্লাটুন পুলিশ পাঠানো হয়েছে বলে জানান সেখানে কর্তব্যরত এক চিকিৎসক।
চিকিৎসক শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায়হান পিঠের নীচে একটি হাড়ে প্রচণ্ড চোট পেয়েছিল। আবুল কালাম আজাদ যেহেতু আগে তার চিকিৎসা করেছেন সে কারণেই তার সঙ্গে যোগাযোগ করা হয়। এ সময় তিনি রোলাক ১০ মিলিগ্রামের একটি ইনজেকশন দিতে বলেন এবং হাসপাতালে তাকে ভর্তি করতে বলেন। সেই অনুযায়ী ব্রাদারকে দিয়ে ইনজেকশান পুশ করানো হয়। এর পরেই রায়হান মারা যায়।
তিনি বলেন, “ভুল চিকিৎসার কারণে রায়হানের মৃত্যু হতে পারে। কারণ ব্যাথার ইনজেকশন তার জন্য ওভারডোজ ছিল কী না তা শুক্রবার ময়না তদন্তের পর বোঝা যাবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এসইউ/০৯২৭ ঘ.
bdnews24