ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদপত্রের কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে শিগগিরই অষ্টম ওয়েজ বোর্ড গঠনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একটি প্রতিনিধি দল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই আশ্বাস দেন।
ডিইউজের প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের একাংশের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।
এছাড়া ডিইউজের সাবেক সভাপতি শাহ আলমগীর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজের) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া এবং তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনার পর সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরের খাবারও খান।
তথ্যমন্ত্রী এর আগে ফেব্রুয়ারি মাসেই অষ্টম ওয়েজ বোর্ড গঠনের আশ্বাস দিলেও তা না হওয়ায় সম্প্রতি আন্দোলনের ঘোষণা দেয় সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ। এই দাবিতে আগামী ২৭ মে সাংবাদিক সংগঠনগুলোর তথ্য মন্ত্রণালয় ঘেরাওয়ের কথা রয়েছে।
২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি সংবাদপত্রের সপ্তম ওয়েজ বোর্ড গঠন করেছিল সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৫২৮ ঘ.
bdnews24