ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশিয়ায় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাগুলো একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রাজধানীর হোটেলে সোনারগাঁওয়ে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা নিয়ে বুধ ও বৃহস্পতিবার দুই দিনের এক আঞ্চলিক সেমিনার শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন।
তিনি বলেন, “কী পদ্ধতিতে কাজ করা হবে সে সিদ্ধান্ত নিতে ফের নিয়ন্ত্রক সংস্থাগুলো আলোচনায় বসবে, তবে এখনো সেই তারিখ ঠিক হয়নি।”
সেমিনারে বিভিন্ন দেশের গ্যাস, কয়লা ও বিদ্যুৎ খাত নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে বিইআরসি চেয়ারম্যান বলেন, বিশেষজ্ঞরা বিভিন্ন মতামত দিয়েছেন, তার ভিত্তিতে একটি আলোচ্যসূচি ঠিক করা হবে।
এ নিয়ে দক্ষিণ এশিয়ার অবকাঠামো বিষয়ক একটি সংগঠন ‘সাউথ এশিয়া ফোরাম ফর ইনফ্রাস্ট্রাকচার রেগুলেশন’ (এসএএফআইআর) কাজ করছে বলে জানান তিনি।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর সমুদ্র বন্দর, সড়ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক ৪৯টি সংস্থা এসএএফআইআরের সদস্য।
বিশ্বব্যাংক ও এসএএফআইআরের আর্থিক সহযোগিতায় এ সেমিনার ও স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।
ইউসুফ হোসেন বলেন, জ্বালানি বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানির সংরক্ষণ এবং এর ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে।
“ক্রস বর্ডার এনার্জি ট্রেডের জন্য দেশগুলোর সরকার ও রাজনৈতিক দলের সদিচ্ছা থাকতে হবে,” বলেন তিনি।
সেমিনার শেষে এসএএফআইআরের ১৯তম স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আগামী এক বছরের জন্য এসএএফআইআরের চেয়ারম্যান নিযুক্ত হয়েছে বিইআরসির চেয়ারম্যান ইউসুফ হোসেন।
তিনি ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের (সিইআরসি) চেয়ারম্যান প্রামদ দেও’র স্থলাভিষিক্ত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/০০৪৩ ঘ.
bdnews24