২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসককে মারধরের অভিযোগে আটক ৮

মিটফোর্ড হাসপাতালে চিকিৎসককে মারধর ও ভাংচুরের অভিযোগে আট যুবককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 05:55 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিটফোর্ড হাসপাতালে চিকিৎসককে মারধর ও ভাংচুরের অভিযোগে আট যুবককে আটক করেছে পুলিশ। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে সোমবার রাতে আটক হন আরিফ, অভি, বিল্লাল, সকিব, রুবেল, সুজন, হাসিব ও জিসান। কোতোয়ালি থানার ওসি মো. সালাউদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজধানীর গেণ্ডারিয়ার কসমোপলিটন ল্যাবরেটরি স্কুলের হযরত আলী পাভেল নামে এক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় ফেল করে বুড়িগঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা তাকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসাপাতাল) নিয়ে যায়। ওসি বলেন, কিন্তু পাভেলের বন্ধুরা অবহেলার অভিযোগে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসকদের মারধর ও ভাংচুর করে। পরে রোগী নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চলে যায়। পুলিশ খবর পেয়ে ঢামেক হাসপাতাল থেকে রাত ৮টার দিকে তাদের আটক করে। মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সহদেব রাজবংশী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুড়িগঙ্গায় লাফিয়ে পড়লেও পাভেলের তেমন কিছুই হয়নি। আমরা পরীক্ষা করে তার সবকিছু ঠিক পেয়েছি।” কিন্তু তার সঙ্গে আসার প্রায় পঞ্চাশজন যুবক তা মানতে রাজি হয়নি। তিনি আরো বলেন, “ওই যুবকরা কর্তব্যরত চিকিৎসককে মারধর করে এবং মেডিসিন ওয়ার্ডে ভাংচুর করে রোগী নিয়ে চলে যায়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/ডিডি/২৩৫৬ ঘ.