ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে রয়্যাল থাই এয়ার ফোর্সের একটি উড়োজাহাজ।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এটিআর-৭২ মডেলের ওই বিমানে ১৫ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে অন্তত তিনজন ‘সামান্য আঘাত’ পেয়েছেন।
তিনি জানান, সকাল ৮টা ৫১ মিনিটে শাহজালালের উত্তর ট্যাক্সিওয়েতে অবরতরণের পরপরই বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। ওই ট্যাক্সিওয়েটি সামরিক বিমানের জন্য নির্ধারিত।
এই দুর্ঘটনার কারণে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটছে না বলেও রেজাউল করিম জানান।
বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ওয়াহেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ইঞ্জিনে আগুনও লাগেনি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।”
ফায়ার ব্রিগেডের কুর্মিটোলা শাখার ডিউটি অফিসার মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিমান দুর্ঘটনার খবর পেয়ে সকাল ৯টা ২৫ মিনিটে তারা বিমানবন্দরে যান। কিন্তু বিমান কর্তৃপক্ষ তাদের জানায়, বিষয়টি তারাই দেখছেন, ফায়ার ব্রিগেডের সহায়তার প্রয়োজন নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরবি/জেকে/১০৪০ ঘ.
bdnews24