২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ঢিলেঢালা হরতাল, গ্রেপ্তার ৪১

সকাল থেকে বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে আটটি হাতবোমার বিস্ফোরণ ঘটলেও বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 12:57 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর ‘খোঁজ’ চেয়ে বিএনপির টানা দ্বিতীয় দিনের হরতাল পালিত হয়েছে ঢিলেঢালাভাবে। সকাল থেকে বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে আটটি হাতবোমার বিস্ফোরণ ঘটলেও বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি। সারা দিনে রাজধানীতে মোট ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যাত্রীবাহী বাস, সিএনজি চালিত অটেরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। অফিসমুখী মানুষের ভিড়ও ছিল রোববারের চেয়ে বেশি। অন্য বাহনের সংখ্যা কম হলেও সব প্রধান সড়কেই রিকশা চলাচল করেছে। সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে রোববার থেকে সারাদেশে বিএনপির এই হরতাল শুরু হয়। ইতোমধ্যে মঙ্গলবারও সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। বিভিন্ন এলাকায় অবস্থান করা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদকরা জানান, রোববারের চেয়ে অধিক সংখ্যক গাড়ি সড়কে চলাচল করছে। দোকানপাটও খোলা ছিল রোববারের তুলনায় কিছুটা বেশি। হরতালের প্রথম দিনের মতো সোমবারও নয়া পল্টনে বিএনপি কার্যালয় ঘিরে রাখে পুলিশ ও র‌্যাব। কার্যালয়ের সামনে তৈরি রাখা হয় পুলিশ ভ্যান, কাছাকাছি স্থানে জলকামানের গাড়িও দেখা যায়। ভোর থেকে দলের কার্যালয়ে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা কার্যালয়ের সামনে অবস্থান নেন। তবে অন্য কাউকে সারা দিন ভেতরে ঢুকতে দেয়নি পুলিশ। পল্টন, ঢাকা মেডিকেল কলেজ, গুলশানসহ বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। হরতাল চলাকালে মতিঝিলে পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে, ফকিরাপুল কাঁচা বাজার এলাকা, সূত্রাপুরের কারকোন বাড়ি লেন, নবাবপুর রোডের রায়সাহেব বাজার এবং টিপু সুলতান রোড এলকায় মোট সাতটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। মতিঝিল থানার ওসি তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কে বা করা বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। এতে কেউ হতাহত হয়নি।” ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালের দ্বিতীয় দিনে রাজধানীতে মোট ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিএনপির সহ-সভাপতি সেলিমা রহমানও রয়েছেন। অবশ্য বিএনপির দাবি, গ্রেপ্তারের সংখ্যা অনেক বেশি। সারা দেশে বিএনপির ১১০৩ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইএ/এএসটি/এফএফএস/এসএম/এসআই/আরএ/জেকে/১০৫৫ ঘ.