চট্টগ্রাম, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র ও চোরাচালান মামলায় ডিজিএফআইয়ের সাবেক ডিটাচমেন্ট কমাণ্ডার অবসরপ্রাপ্ত কর্নেল রেজাউর রহমানের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আসামি পক্ষের আইনজীবীরা তাকে ৭ মে জেরা করবেন।
বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে এ মামলার কার্যক্রম শুরুর পর জবানবন্দি উপস্থাপন শুরু করেন রেজাউর রহমান। বেলা ১টার দিকে সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরার জন্য দিন রাখেন বিচারক।
এনএসআইয়ের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এনামুর রহমান মঙ্গলবার এ আদালতে সাক্ষ্য দেন। এরপর আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।
দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় গঠিত তদন্ত কমিটিরও সদস্য ছিলেন এনাম।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে বাংলাদেশ রসায়ন শিল্প কর্পোরেশনের (বিসিআইসি) অধীন সিইউএফএল’র সংরক্ষিত জেটি ঘাটে খালাসের সময় ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। এই ঘটনায় পুলিশ বাদি হয়ে দুটি পৃথক মামলা দায়ের করে।
এ মামলার আসামিরা হলেন- জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এনএসআইর সাবেক দুই প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম ও মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) শাহাবুদ্দিন, সাবেক উপ-পরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসিন উদ্দিন তাালুকদার ও সাবেক জিএম (প্রশাসন) কে এম এনামুল হক, চোরাকারবারি হাফিজুর রহমান ও দীন মোহাম্মদ।
এ মামলার সম্পূরক অভিযোগপত্রভুক্ত অপর দুই আসামি সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন ও উলফা কমান্ডার পরেশ বড়–য়া পলাতক আছেন।
গত বছরের ২৯ নভেম্বর বহু আলোচিত এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এলডিসি/জেকে/১৫০৩ ঘ.
bdnews24