২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাজপ্রমের সঙ্গে ১০ কূপের চুক্তি চলতি মাসে

দেশের বিভিন্ন গ্যাসক্ষেত্রের ১০টি অনুসন্ধান ও উন্নয়ন কূপ খননের জন্য রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রমের সঙ্গে চুক্তি করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন গ্যাসক্ষেত্রের ১০টি অনুসন্ধান ও উন্নয়ন কূপ খননের জন্য রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রমের সঙ্গে চুক্তি করছে সরকার। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ২৬ এপ্রিল হোটেল সোনারগাঁওয়ে দুপুর সাড়ে ১২টায় চুক্তি সই হবে।” গ্যাজপ্রম ও পেট্রোবাংলার মধ্যে এ চুক্তি হবে উল্লেখ করে তিনি বলেন, “খনন কাজ চলাকালে দুর্ঘটনা ঘটলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ক্ষতিপূরণ দিতে রাজি আছে গ্যাজপ্রম।” এর আগে ২০ জানুয়ারি এ বিষয়ে অনুস্বাক্ষর করে গ্যাজপ্রম ও পেট্রোবাংলা। চুক্তি অনুযায়ী বাংলাদেশ গ্যাসফিল্ড কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্রের ১৯, ২০, ২১, ২২ নম্বর কূপ এবং সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের (এসজিএফএল) রশিদপুর গ্যাসক্ষেত্রের ৮ নম্বর কূপ উন্নয়ন করবে গ্যাজপ্রম। এছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) বেগমগঞ্জ, শাহবাজপুর, শ্রীকাইল, সেমুতাং ও সুন্দলপুর গ্যাসক্ষেত্রে পাঁচটি অনুসন্ধান কূপ খনন করবে গ্যাজপ্রম। কূপ উন্নয়ন ও অনুসন্ধানে গ্যাজপ্রমের প্রস্তাব গত ডিসেম্বরে অনুমোদন দেয় ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২০১৬ ঘ.