সিলেট, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে বহিষ্কৃত তিন শিক্ষার্থীর পক্ষ নিয়ে পরীক্ষাকেন্দ্র ঘেরাও করে রাখে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার সিলেট শিক্ষাবোর্ডের মদন মোহন কলেজ কেন্দ্রে অর্থনীতি বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
পরীক্ষা চলাকালে চিকানাগুল শাহজালাল কলেজের তিন শিক্ষার্থী অর্চ্চনা রাণী রায়, অঞ্জু রাণী রায় ও হোসনে আরা বেগম হাতেনাতে নকলসহ ধরা পড়ে। এ সময় তাদের কাছ থেকে অর্থনীতি বিষয়ের চিত্রসহ বেশকিছু কাগজপত্র উদ্ধার করা হয়।
ওই তিন জনই দ্বিতীয়বারের মতো পরীক্ষায় অংশ নিয়েছিলো।
পরে খবর পেয়ে মদন মোহন ছাত্রলীগ সভাপতি অরুণ দেবনাথ সাগরসহ ৩০/৪০ জন ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মী অভিযুক্ত শিক্ষার্থীদের পক্ষ নিয়ে কেন্দ্র ঘেরাও করে রাখে।
এ বিষয়ে মদন মোহন কলেজের অধ্যক্ষ কৃপাসিন্ধু পাল জানান, “ওই তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কেউ বহিষ্কৃতদের পক্ষ নিয়ে কিছু করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযুক্ত তিন শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মনির উদ্দিন আহমদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮৩৫ ঘ.
bdnews24