ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগ দাবি করেছে বিএনপির সংসদীয় দল। তার এপিএসের ‘অর্থ কেলেঙ্কারি’ নিয়ে একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনেরও দাবি জানিয়েছে তারা।
রোববার দুপুরে বিএনপির সংসদীয় দলের এক সংবাদ সম্মেলনে সংসদ সদস্য মওদুদ আহমদ বলেন, “রেলমন্ত্রীকে নিয়ে ঘুষ কেলেঙ্কারিতে বর্তমান সংসদের সব সংসদ সদস্য ও রাজনীতিবিদের সম্মান ও মর্যাদা চরমভাবে ক্ষুন্ন হয়েছে। তাই আমরা দাবি করছি, সংসদের ভাবমূর্তি রক্ষার স্বার্থে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই রেলমন্ত্রীর পদত্যাগ করতে হবে।”
“এরপর একটি বিচার বিভাগীয় কমিশন গঠন করে ওই ঘটনার আমরা সুষ্ঠু তদন্ত দেখতে চাই”, যোগ করেন তিনি।
তবে সাবেক আইনমন্ত্রী মওদুদ মনে করেন, রেলমন্ত্রীর পদত্যাগের আগে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করলে তা সফল হবে না।
সুরঞ্জিত পদত্যাগ না করলে সুষ্ঠু তদন্ত সম্ভব হবে না দাবি করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন। আমরা আশা করব, এ ব্যাপারে তিনি সুনির্দিষ্টভাবে পদক্ষেপ নেবেন। তিনি (প্রধানমন্ত্রী) কী পদক্ষেপ নেন, আমরা তার অপেক্ষায় আছি।’’
জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন মওদুদ বলেন, “রেলমন্ত্রীর বাসায় ঘুষের টাকা যাচ্ছিল- এটা আজ পরিষ্কার হয়ে গেছে। তাই রেলমন্ত্রী এই ঘটনার সঙ্গে জড়িত।”
এ ঘটনার নিন্দা জানিয়ে মওদুদ বলেন, “সরকার দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গেছে। এই দুর্নীতির কারণে তারা দেশ পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা প্রথম থেকেই সরকারের দুর্নীতির কথা বলে আসছিলাম। আজ রেলমন্ত্রীর ঘুষ কেলেঙ্কারির ঘটনা এর জলন্ত সাক্ষী হয়ে গেছে।”
গত সোমবার গভীর রাতে রাজধানীর জিগাতলা মোড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের মূল ফটকের কাছে বিপুল পরিমাণ টাকাসহ আটক হন মন্ত্রীর এপিএস ওমর ফারুক তালুকদার। পরে তাকে ছেড়ে দেওয়া হলেও ওই ঘটনা নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়।
ফারুকের সঙ্গে ওই গাড়িতে রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) ইউসুফ আলী মৃধাও ছিলেন। সংবাদ মাধ্যমের খবর, রেলওয়ের নিয়োগের জন্য ঘুষ হিসেবে ওই ৭০ লাখ টাকা নেওয়া হয়েছিল।
ব্যাপক সমালোচনার মুখে বুধবার ফারুককে সাময়িক বরখাস্ত করেন সুরঞ্জিত। ওই ঘটনার তদন্তে দুটি কমিটি করে রেলপথ মন্ত্রণালয়।
তবে এপিএসের অর্থ কেলেঙ্কারি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত সংবাদ সম্মেলন করে বলেছেন, তদন্তে দোষ প্রমাণিত হলে পদত্যাগ করতে তিনি ‘দেরি’ করবেন না।
সরকার আরও দুর্নীতি করছে অভিযোগ করে সংবাদ সম্মেলনে মওদুদ বলেন, “তারা পুঁজিবাজারের শেয়ার কেলেঙ্কারি ঘটনায় জড়িতদের কোনো শাস্তি দিতে পারেনি। বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের নামে তারা কোটি কোটি টাকার দুর্নীতি করে যাচ্ছে।”
চারদলীয় জোট সরকারের আমলে জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন নাইকোর কাছ থেকে একটি বিলাসবহুল গাড়ি ঘুষ হিসেবে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে মওদুদ বলেন, “নাইকোর ঘটনার সঙ্গে রেলমন্ত্রীর ঘুষের ঘটনার সম্পর্ক নেই। এটা আকাশ-পাতাল ব্যবধান। এ নিয়ে আমি এখন কথা বলতে চাই না।”
তিনি জানান, আগামী সংসদ অধিবেশনে যোগ দিয়ে বিরোধী দল রেলমন্ত্রীর ঘুষের বিষয়টি জোরালোভাবে তুলে ধরবে।
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরী, মাহবুব উদ্দিন খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবুল খায়ের ভুঁইয়া, রেহানা আখতার রানু, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, নীলুফার চৌধুরী মনি, রাশেদা বেগম হীরা, নাজিম উদ্দিন আহমেদ, মো. মোজাহার আলী প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৩৫১ ঘ.
bdnews24