ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাম্পান আর ভয়ংকর দানব- চারুকলা অনুষদের সামনে থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রায় উঠে এসেছে বঙ্গোপসাগরে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার সাফল্য উদযাপন আর একাত্তরের যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করার আহ্বান।
বাঙালির চিরায়ত উৎসব পহেলা বৈশাখকে স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের নিয়মিত আয়োজন এ মঙ্গল শোভাযাত্রায় শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই নয়, যোগ দিয়েছেন দূর-দূরান্ত থেকে আসা অনেকেই।
শনিবার সকাল ৯টায় ছায়ানটের বর্ষবরণের আয়োজন যখন শেষ হলো, তখন প্রস্তুতি শুরু হয় মঙ্গল শোভাযাত্রা বের করার।
প্রতিবছরই বিভিন্ন প্রতিপাদ্য নিয়ে বের হয় চারুকলার এ ‘মঙ্গল শোভাযাত্রা’। এবারের শোভাযাত্রার প্রতিপাদ্যে ছিল সমুদ্রে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা এবং যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা।
সোয়া নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, চারুকলা অনুষদের ডিন এমদাদুল হক মো. মতলুব আলী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী উপস্থিত ছিলেন।
শোভাযাত্রার শুরুর দিকে ছিল রূপকথার সেই ময়ূরপঙ্খী নাওয়ের আদলে গড়া ৪০ ফুট দীর্ঘ সাম্পান। আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে বঙ্গোপসাগরে বাংলাদেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠারই উদ্যাপন এটি।
আর ভয়ঙ্কর চেহারার দানবটিকে যুদ্ধাপরাধীর প্রতীক হিসেবে তুলে ধরে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়েছে। যুদ্ধাপরাধীদের প্রতীক এই দানবের প্রতিমূর্তির শরীরজুড়ে বিদ্ধ অসংখ্য কাঁটা।
মঙ্গল শোভাযাত্রার অন্যান্য আর্কষণের মধ্যে যথারীতি ছিল দেশীয় ঐতিহ্যে লালিত বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি। যতেœর সাথে রাতদিন খেটে এগুলো তৈরি করেছেন চারুকলা অনুষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। বরবরের মতোই ছিল হাতি, ঘোড়া, বাঘ, ময়ুর ও শোলার পাখির প্রতিকৃতি। নানা রঙ-বেরঙের মুখোশ তো ছিলই।
এবারের শোভাযাত্রা উদযাপন কমিটির সদস্য নবেন্দু সাহা নব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতি বছর নতুন নতুন থিমে সাজানো হয় এই শোভাযাত্রা। এবারে সমুদ্র জয় ও যুদ্ধাপরাধীদের বিচারেকে মূল থিম ধরে সাজানো হয়েছে পুরো আয়োজন।”
তিনি বলেন, সমুদ্র জয়ের প্রতীক হিসাবে শোভাযাত্রার সম্মুখভাবে স্থান পেয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘সাম্পান’। যুদ্ধাপরাধীদের প্রতীক হিসাবে স্থান পেয়েছে ‘দানব’। গ্রাম বাংলার লোকজ ঐতিহ্যের প্রতীক হিসাবে তিনটা ঘোড়া ও একটি হাতি স্থান পেয়েছে। কিছুটা ব্যতিক্রম হলেও এবারে শান্তির প্রতীক হিসাবে বেছে নেওয়া হয়েছে বাঘকে। শোভাযাত্রায় ছিলো তিনটি বাঘ।
শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই নয়, রাজধানীবাসীর সঙ্গে সেই শোভাযাত্রায় অংশ নিতে দূর-দূরান্ত থেকেও এসেছিলেন অনেকে। রঙ-বেরঙের মুখোশ-ফানুস ও বর্ণিল পোশাকে সেজে হাজার হাজার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়।
ঢোল-তবলাসহ নানা বাদ্যযন্ত্র হাতে শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ এ শোভাযাত্রায় অংশ নিয়ে নতুন বছরকে স্বাগত জানান। এ সময় চারুকলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো সড়ক এক জনসমুদ্রে পরিণত হয়।
মঙ্গল শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে শুরু হয়ে রূপসী বাংলা হোটেলের সামনে দিয়ে ঘুরে শাহবাগ মোড় পর্যন্ত এসে শেষ হয়।
গত ২০ মার্চ থেকে চারুকলা অনুষদে এই শোভাযাত্রার প্রস্তুতিমূলক কর্মযজ্ঞ শুরু হয়। সরা, মুখোজ টেপা পুতুলসহ লোকজ বিভিন্ন কারুকর্ম তৈরির মাধ্যমে এই প্রস্তুতি শুরু হয়। ওই কারুকর্মের একটি অংশ বিক্রি করে খরচ জোগানো হয় শোভাযাত্রার।
১৯৮৯ সালে সর্বপ্রথম বৈশাখের এই শোভাযাত্রা হয়। প্রথম বছরেই শোভাযাত্রাটি নগরজুড়ে ব্যাপক সাড়া ফেলে। তবে মঙ্গল শোভাযাত্রা নাম দেওয়া হয় ১৯৯৬ সালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এসএন/এসইউ/১১১৪ ঘ.
bdnews24