চট্টগ্রাম, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতি বছরের মতো এবারও নৃত্য, কবিতা ও সঙ্গীতের মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে বর্ষ বিদায় ও বরণের দুই দিনের অনুষ্ঠান।
শুক্রবার বিকালে নগরীর ডিসি হিল, সিআরবি’র শিরীষ তলা ও বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয় বর্ষ বিদায়ের অনুষ্ঠান।
সকাল থেকে নগরীতে মুষলধারে বৃষ্টি ও ঝড়ো বাতাস থাকলেও বিকালে আর বৃষ্টি নামেনি।
তাই নগরের বিভিন্নস্থানে বর্ষ বিদায়ের অনুষ্ঠানে সাধারণ মানুষের ভিড় দেখা যায়।
ডিসি হিলে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আয়োজনে শুক্রবার বিকালে রক্তকরবীর দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বর্ষ বিদায়ের অনুষ্ঠান। এরপর দলীয় ও একক নৃত্য, গান ও আবৃত্তির পরিবেশনা হয়।
এদিকে বাওয়া স্কুল মাঠে বর্ষ বিদায় ও বরণ সম্মিলন পরিষদের অনুষ্ঠান হয় সন্ধ্যা ৬টায়। এতে বর্ষ বিদায় সম্ভাষণ পাঠ করেন শহীদ জায়া বেগম মুশতারি শফী। এরপর পাঁচ গীতিকবির গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
এর পর হারানো দিনের গান পরিবেশন করেন কলকাতার বিশ্বরূপ রুদ্র। নৃত্য পরিবেশন করেন শুভ্রা সেনগুপ্ত ও প্রমা অবন্তী। রাতে লালনগীতি ও বাউল সঙ্গীত পরিবেশিত হয়।
বিকালে নগরীর সিআরবি সাত রাস্তার মোড়ের শিরীষ তলায় নববর্ষ উদযাপন পরিষদের দুইদিনের অনুষ্ঠান শুরু হয়।
এই তিন স্থানে শনিবার সকাল থেকে নতুন বছরকে স্বাগত জানিয়ে শুরু হবে নানা অনুষ্ঠান। তিন জায়গাতেই বিশিষ্ট শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলো সংগীত পরিবেশন করবে।
এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় পৃথক নববর্ষ উৎসব।
নববর্ষের এ সব অনুষ্ঠানে ছেলে-বুড়ো, কিশোর-কিশোর-তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষের অংশগ্রহণে হয়ে উঠবে মানুষের প্রাণের উৎসবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/২২৫৬ ঘ.
bdnews24