২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি খুন‘মন্ত্রীর আশ্বাস বাস্তবায়নের লক্ষণ নেই’

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের দুই মাস পেরিয়ে গেলেও খুনি ধরা না পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 04:07 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের দুই মাস পেরিয়ে গেলেও খুনি ধরা না পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা। হত্যাকাণ্ডের বিচার দাবিতে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের এক মানববন্ধনে খুনি গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের প্রতি আস্থার সঙ্কটের কথা জানান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতা মঞ্জুরুল আহসান বুলবুল। তিনি বলেন, “এ হত্যাকাণ্ডের পর দুই মাস পেরিয়ে গেল। আমাদের প্রত্যাশা ছিল, প্রকৃত খুনি ধরা পড়বে ও বিচার শুরু হবে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ৪৮ ঘণ্টার আশ্বাসের পর তিনি আরো যা আশ্বাস দিয়েছেন, তাতে খুনি ধরা পড়ার লক্ষণ পাই না।” “আমরা আরো ধৈর্য ধরতে চাই। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে খুনি ধরা হবে বলে মন্ত্রী সাংবাদিকদের যে আশ্বাস দিয়েছেন, আমরা তার বাস্তবায়ন চাই। মন্ত্রীর ওপর আস্থা রাখতে চাই,” বলেন বুলবুল। সাগরের কর্মস্থল মাছরাঙা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রেজয়ানুল হক রাজা বলেন, “আশা করব, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস সত্যি হবে। তিনি অঙ্গীকার রাখবেন এবং আমাদের আর রাস্তায় নামতে হবে না।” মানববন্ধনে অংশ নিয়ে রুনির ভাই নওশের রোমান বলেন, “মামলার বিষয়ে আমরা অন্ধকারে আছি। কোনো অগ্রগতির কথাও জানতে পারছি না। হতাশার মধ্যে আছি। পুলিশ এখন পর্যন্ত আমাদের সঙ্গে কোনো যোগাযোগও করেনি।” সাগর-রুনি হত্যাকাণ্ডের পর যে মামলা হয়েছে, তার বাদি রোমান। সাগর-রুনি হত্যাকাণ্ডের পর সাংবাদিকরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে গেলেও গত ৭ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন খুনিকে শিগগিরই গ্রেপ্তারের আশ্বাস দিলে আন্দোলনরত সাংবাদিক সংগঠনগুলো কর্মসূচি স্থগিত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/কিউএইচ/এএইচ/এমআই/২২০০ ঘ.