ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার মামলায় বাংলাদেশের জয়ে সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে অভিনন্দন জানিয়ে পাঁচ দফা দাবি দিয়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।
বুধবার বিকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সামুদ্রিক সম্পদে জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন পাস ও রপ্তানিমুখি চুক্তি বাতিল করার দাবি জানায় তেল গ্যাস রক্ষা কমিটি।
কমিটির অন্য দাবিগুলো হলো- সমুদ্র সম্পদের সর্বোচ্চ ব্যাবহার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়, বিভাগ, গবেষণা প্রতিষ্ঠান তৈরি ও দক্ষ হিসেবে পেট্রো বাংলাকে গড়ে তোলা, সাগরের গ্যাস ব্লকে কোন বহুজাতিক কোম্পানিকে ইজারা বন্ধ করা এবং ভারত ও মায়ানমারের সাথে সমুদ্র অঞ্চল ও সীমানা নিয়ে অন্য বিরোধগুলো জনগণের কাছে প্রকাশ করা।
গত ১৪ মার্চ জার্মানির হামবুর্গে ইন্টারন্যান্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সী’র এক রায়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি হয় দীর্ঘ ৩৮ বছর পর।
রায়ে বঙ্গোপসাগরে বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন দুইশ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তারের কথা বলা হয়; যা মিয়ানমারের আপত্তির কারণে এতদিন ১৩০ নটিক্যাল মাইল ছিল।
সংবাদ সম্মেলনে তেল গ্যাস রক্ষা কমিটির সহযোগী সংগঠন ‘সমুদ্র অঞ্চল ও সম্পদ রক্ষা জাতীয় কমিটির’ আহ্বায়ক নূর মোহাম্মদ বলেন, “আন্তর্জাতিক আদালতের রায় ঘোষণার পর থেকে সরকার ও সরকার বহির্ভূত কোম্পানিগুলো যেভাবে বিদেশি কোম্পানিকে ব্লক ইজারা দেওয়ার ব্যাপারে আগ্রহ ও উচ্ছ্বাস দেখাচ্ছে তাতে মনে হচ্ছে এ বিজয় বহুজাতিক কোম্পানির, বাংলাদেশের জনগণের নয়।”
এ সময় তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, “যথাযথ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিলে আমরা নিজেরাই আমাদের সম্পদের পূর্ণ ব্যাবহার নিশ্চিত করতে সক্ষম হব।”
সমুদ্র সম্পদ রক্ষায় সমুদ্র মন্ত্রণালয় গঠন এবং নৌবাহিনীর শক্তি বৃদ্ধি প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/পিডি/২০০০ ঘ.
bdnews24