২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ দুই ছাত্রের সন্ধানে ধর্মঘট ইবিতে

গত ৪ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের ধরে নেওয়া হয়েছে দাবি করে তাদের সন্ধানের দাবিতে ‘ইবি ছাত্র সমাজের’ ব্যানারে এই আন্দোলন চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 04:51 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ইবি, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ দুই ছাত্রের সন্ধানের দাবিতে ধর্মঘট চলছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে। রোববার সকাল ৮টার সময় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন, বিজ্ঞান ভবন, মীর মোশাররফ হোসেন ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ফলে ক্লাস-পরীক্ষা হচ্ছে না। নিখোঁজ দুই ছাত্রই ইসলামী ছাত্রশিবিরের নেতা। তারা হলেন- বিশ্ববিদ্যালয় শাখার সাংস্কৃতিক সম্পাদক ও আল-ফিকহ বিভাগের ছাত্র আল-মুকাদ্দাস এবং অর্থসম্পাদক ও দাওয়াহ বিভাগের ছাত্র মো. ওয়ালীউল্লাহ। গত ৪ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের ধরে নেওয়া হয়েছে দাবি করে তাদের সন্ধানের দাবিতে ‘ইবি ছাত্র সমাজের’ ব্যানারে আন্দোলন চলছে। ওই ব্যানারেই রোববার থেকে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়। ‘ইবি ছাত্র সমাজ’ এর আগে গত ১৩ মার্চ ক্যাম্পাসে ধর্মঘট ডেকেছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডি নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করা হয়। এরপর চার দিনেও সতীর্থদের সন্ধান না পেয়ে রোববার থেকে ধর্মঘট শুরু করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছাত্র ধর্মঘটের বিষয়ে প্রক্টর মেহের আলী সাংবাদিকদের বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা অব্যাহত রয়েছে। ছাত্র ধর্মঘটের মাধ্যমে ক্লাস-পরীক্ষায় বাধা সৃষ্টি করা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন বলেন, “শিক্ষার্থীরা নিয়মতান্ত্রিক আন্দোলন করতে পারে। তবে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘিœত করার চেষ্টা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” ঢাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে সাভারের নবীনগর এলাকা থেকে গত ৪ ফেব্রুয়ারি নিখোঁজ হন মুকাদ্দাস ও ওয়ালীউল্লাহ। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ডিবি পুলিশ ও র‌্যাব-৪ পরিচয়ে তাদের বাস থেকে নামিয়ে নেওয়া হয়। এরপর থেকে ইবি ছাত্র সমাজের ব্যানারে আন্দোলন চলছে। তাতে সমর্থন রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থক শিক্ষকদেরও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪৫ ঘ.