সাভার, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রীবেশে ছিনতাই করে পালানোর সময় মাইক্রোবাসসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডিইপিজেডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- আমির হোসেন (৩০), দুলাল হোসেন (২৪) ও আমির হোসেন (৩২)।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন শাহ পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টাঙ্গাইল যাওয়ার কথা বলে মাইক্রোবাসে তিন মহিলাকে উঠিয়ে সর্বস্ব ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাইপাইলে মাইক্রোবাসটি যানজটে পড়ে। এ সময় ওই তিন মহিলা যাত্রী চিৎকার শুরু করলে টহল পুলিশ মাইক্রোবাসের পিছু নেয়। মাইক্রোবাসটি ডিইপিজেডের সামনে পৌঁছলে পুলিশ পেছন থেকে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি চালকের পাশের দরজায় বিদ্ধ হলে মাইক্রোবাসটি থামিয়ে দুইজন দৌড়ে পালিয়ে যায়।
পরে মাইক্রোবাস থেকে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার ও ওই তিন মহিলা যাত্রীকে উদ্ধার করা হয়।
ছিনতাইকারীদের কবল থেকে উদ্ধার হওয়া জুলেখা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি মিরপুরে শাহজালাল গার্মেন্টসে চাকরি করেন। টাঙ্গাইলে নিজ গ্রামে যাওয়ার জন্য মিরপুর ২ নম্বর থেকে তিনি ৬০টাকা ভাড়ার দেওয়ার বিনিময়ে গাড়িতে উঠেছিলেন।
এ ছাড়া আশুলিয়ার সরকার মার্কেট এলাকা হতে ফরিদা ও কবিতা নামে বাকি দুই যাত্রীকে তোলা হয় বলে জানান তিনি।
এসআই শাহীন শাহ পারভেজ জানান, পালিয়ে যাওয়া দুই ছিনতাইকারীর কাছে অস্ত্র ছিল। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭৪৬ ঘ.
bdnews24