২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যাবএইডের শামীমকে তলব

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু এবং মারধরের অভিযোগে ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীমসহ তিনজনকে তলব করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 01:43 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু এবং মারধরের অভিযোগে ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীমসহ তিনজনকে তলব করেছে হাই কোর্ট। সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন আমলে নিয়ে বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়। অন্য দুজন হলেন- সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতালটির নিরাপত্তা প্রধান। তাদের ২১ মার্চ আদালতে হাজির হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে হবে। এছাড়া ভুল চিকিৎসার জন্য ‘দায়ী’ ব্যক্তিদের বিরুদ্ধে কেন শাস্তিমূূলক ব্যবস্থা নেওয়া হবে না- তাও জানাতে চেয়েছে আদালত। স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। ‘ভুল চিকিৎসায় মৃত্যু ও মারধরের অভিযোগ ল্যাবএইডের বিরুদ্ধে’ শিরোনামে দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, “ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যু এবং এর প্রতিবাদ করায় রোগীর স্বজনদের মারধরের অভিযোগে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা হয়েছে ধানমণ্ডি থানায়। অন্যদিকে হাসপাতালে ভাঙচুরের অভিযোগে ওই রোগীর স্বজনদের বিরুদ্ধে মামলা করেছে ল্যাবএইড কর্তৃপক্ষ।” মারা যাওয়া রোগী সেলিনা ইয়াসমিনের মেয়ে ফারজানা পাশার অভিযোগ- ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক মোজাফফর আহমেদ একটি ইনজেকশন দেওয়ার পর তার মায়ের মৃত্যু হয়। ফারজানা পাশা ওই পত্রিকাকে বলেন, “এর প্রতিবাদ জানাতে হাসপাতালে গেলে আমাকে এবং আমাদের পরিবারের লোকজনকে মারধর করে ল্যাবএইডের লোকজন।” ল্যাবএইড হাসপাতালের প্রশাসনিক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মনজুরে মোল্লার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, “ওই রোগী ল্যাবএইড হাসপাতালে কখনো ভর্তি হননি। যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ, তিনি মূলত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক। তিনি ল্যাবএইড হাসপাতালে শুধু রোগী দেখেন। এ ছাড়া হাসপাতালের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। রোগীর লোকজন অন্যায়ভাবে হাসপাতালে ভাঙচুর চালিয়েছে। ঘটনায় হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।” দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদনটি আদালতের নজরে আনেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সরকার পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/আরএ/১৯৩৮ ঘ.