২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৬ ঘণ্টার উৎকণ্ঠার অবসান

সংঘাত ছাড়াই বিএনপির মহাসমাবেশ শেষ হওয়ায় ৩৬ ঘণ্টার উৎকণ্ঠা পেরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রাজধানীবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 03:33 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

সায়েদুল ইসলাম তালাত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘাত ছাড়াই বিএনপির মহাসমাবেশ শেষ হওয়ায় ৩৬ ঘণ্টার উৎকণ্ঠা পেরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রাজধানীবাসী। সমাবেশ ঘিরে পুলিশ, বিএনপি ও আওয়ামী লীগকর্মীদের ব্যাপক প্রস্তুতির কারণে রোববার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত রাজধানীসহ সারাদেশের মানুষের মধ্যে ছিল উৎকণ্ঠা। সমাবেশের দিন (সোমবার) অনেক স্কুল-কলেজ ও অফিস আগেভাগেই ছুটি দেওয়া হয়। যেসব প্রতিষ্ঠান খোলা ছিল সেখানেও ছিল অলিখিত ছুটি। মতিঝিল থেকে নিশান সানি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন বেসরকারি এক প্রতিষ্ঠানের কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, “ভোর ৫টায় অফিসে গিয়েছি। ৪টায় অফিস আওয়ার শেষ হলেও, জনসভাটি শেষ হওয়ার জন্যে অপেক্ষা করে এই সন্ধ্যা ৭টায় বের হলাম।” পথে কোনো সমস্যা হবে না বলেই তিনি আশা করছেন। ০ রোববার সকাল থেকে ঢাকায় বাস চলাচল ছিল পুরোপুরি বন্ধ। ঢাকা ছেড়ে যায়নি দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলোও। এর আগে শনিবার বিকাল থেকেই ঢাকা ও জেলাশহরগুলোয় দূরপাল্লার বাসের টিকেট বিক্রি বন্ধ হয়ে যায়। রেল চলাচল থাকলেও তা ছিল অত্যন্ত সীমিত। পরিবহন মালিকরা বলেছিলেন, প্রশাসনের অলিখিত নির্দেশ ও নিরাপত্তার অভাবে দুইদিন তারা বাস ও লঞ্চ চলাচল বন্ধ রাখছেন। তবে এ ধরনের নির্দেশের কথা সরকার স্বীকার করেনি। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সমাবেশ শেষ হওয়ায় প্রায় ৪৮ ঘণ্টা পরে পুনরায় ঢাকা থেকে বিভিন্ন জেলা শহরমুখী বাস ও লঞ্চ চলাচল শুরু হয়। পাশাপাশি ৩৬ ঘণ্টা পর বাস চলাচল বাড়তে শুরু করে ঢাকার ভেতর। তবে দিনশেষে এসব বাসে যাত্রীর সংখ্যা ছিল অনেক কম। গত দুইদিনের মতো রাতেও সড়কে দেখা গেছে রিকশা ও সিএনজির আধিক্য। সোমবার বিকালে গাবতলীর হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার বলাই চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল থেকেই বিভিন্ন রুটের দূরপাল্লার টিকেট বিক্রি শুরু হয়েছে। সন্ধ্যার পর থেকে গাড়ি ছাড়তে শুরু করবে।” মহাখালী বাস টার্মিনালে ময়মনসিংহগামী নিরাপদ পরিবহনের সুপারভাইজার ফিরোজ হোসেন জানান, সন্ধ্যা থেকে বাস ছাড়া শুরু হয়েছে। সাড়ে ৬টায় তাদের একটি বাস টার্মিনাল ছেড়ে যায়। সদরঘাট এলাকা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক কামাল হোসেন তালুকদার জানান, সন্ধ্যার পর থেকে বিভিন্ন গন্তব্যের লঞ্চ ছাড়তে শুরু করে। তবে দিনভর উদ্বেগের কারণে এসব লঞ্চে যাত্রীর সংখ্যা অনেক কম। বিএনপির জনসভা শেষ হয় সন্ধ্যা সোয়া ৬টায়। এর পরপরই ঢাকার ভেতরের বাসগুলো যাতায়াত শুরু করে। সন্ধ্যা ৭টায় ফার্মগেটে মিরপুর-মতিঝিল রুটের সিল্কসিটি, শিকড়, চয়েজ ইত্যাদি গাড়ি, মহাখালীতে গুলিস্তান-আবদুল্লাহপুর রুটের বলাকা, আজমেরী গাড়িগুলো চলাচল করতে দেখা যায়। এছাড়া রাস্তায় চলতে শুরু করে ৬ নম্বর, ৩ নম্বর রুটের বাসও। সিল্করুট পরিবহনের সুপারভাইজার জাফর হোসেন (২০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যার পরে মিরপুর থেকে গাড়ি ছেড়েছি। তবে রাস্তায় তেমন যাত্রী নেই।” মঙ্গলবার সকাল থেকে তারা পুরোদমে সার্ভিস শুরু করবেন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২১৩৩ ঘ.