২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভেতরে ঢুকে বাংলাদেশিদের হত্যা করছে বিএসএফ’

সীমান্ত পার হয়ে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ বাংলাদেশিদের হত্যা করছে বলে দাবি করেছেন বিএনপিপ্রধান খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 12:06 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্ত পার হয়ে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ বাংলাদেশিদের হত্যা করছে বলে দাবি করেছেন বিএনপিপ্রধান খালেদা জিয়া। রাজধানীতে সোমবারের মহাসমাবেশে তিনি বলেন, “এই সরকারের আমলে বর্ডার সিকিউরিটি বলে কিছু নেই।” “সীমান্ত কেন অরক্ষিত? সীমান্তের ভেতরে ঢুকে বিএসএফ বাংলাদেশিদের হত্যা করছে।” “সরকার প্রতিবাদ পর্যন্ত করে নাই।” বর্তমান সরকার বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিডিআরকে (বর্তমান বিজিবি) ধ্বংস করেছে মন্তব্য করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, “আমরা কথা দিচ্ছি ক্ষমতায় এলে বিডিআরকে শক্তিশালী করব।” এরপর দৈনিক পত্রিকার প্রকাশিত খবরের বরাত দিয়ে খালেদা বলেন, “এই দেখেন পত্রিকায় খবর বেরিয়েছে, এখন বাচ্চাদের ঘুম পাড়ানো হয় বিএসএফ’র ভয় দেখিয়ে।” ‘নির্দলীয় নিরপেক্ষ’ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ আয়োজন করে বিএনপি। বিকাল ৪টা ৪০ মিনিটে বক্তব্য শুরু করেন খালেদা। তবে ঠিক ওই সময় আসরের আযান শুরু হওয়ায় খানিক বিরতি দেন তিনি। দুপুর দেড়টার দিকে শুরু হওয়া এই জনসভায় এর আগে বিএনপি ও সমমনা দলগুলোর নেতারা বক্তব্য দেন। সাদেক হোসেন খোকার সভাপতিত্বে শুরু হওয়া সমাবেশে বিএনপি চেয়ারর্পাসন পৌঁছান বেলা আড়াইটায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এনআইএইচ/এএমটি/পিডি/১৮০৪ ঘ.