২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিচ্ছিন্ন’ হয়ে যাচ্ছে ঢাকা

পরিবহন মালিকরা বলছেন, প্রশাসনের অলিখিত নির্দেশ, হয়রানি এবং নিরাপত্তার কারণে রবি ও সোমবার দূর পাল্লার বাস বন্ধ রাখতে তারা বাধ্য হচ্ছেন। লিটন হায়দার ও সায়েদুল ইসলাম তালাতের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 10:55 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

লিটন হায়দার ও সায়েদুল ইসলাম তালাত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে চার দলের মহাসমাবেশকে সামনে রেখে সারা দেশের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে। পরিবহন মালিকরা বলছেন, প্রশাসনের অলিখিত নির্দেশ, হয়রানি এবং নিরাপত্তার কারণে রবি ও সোমবার দূর পাল্লার বাস বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলছেন, সরকার বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিবহন মালিকদের এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে কেউ নিরাপত্তার কথা ভেবে গাড়ি বন্ধ রাখতেই পারেন। তবে শনিবার বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, অসংখ্য মানুষ টিকিটের জন্য অপেক্ষা করলেও রোববারের টিকিট বিক্রি করছে না পরিবহনগুলো। এ অবস্থায় বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ। এরই মধ্যে পুলিশ নিরাপত্তার কাজে লাগবে বলে শত শত গাড়ি রিক্যুইজিশন করছে। কল্যাণপুরের এসআই এন্টারপ্রাইজ কাউন্টারের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের গাড়ি জয়পুরহাট, হিলি রুটে চলাচল করে। তবে মালিক রবি ও সোমবারের টিকিট বিক্রি করতে নিষেধ করেছেন।” এই নিষেধাজ্ঞার কারণ জানতে চাইলে শফিকুল বলেন, “সবইতো বোঝেন।” হক পরিবহনের কাউন্টারে গিয়েও একই চিত্র দেখা যায়। এ কাউন্টারের ম্যানেজার আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপাতত টিকিট বিক্রি করছি না। যদি সুযোগ পাওয়া যায় টিকিট ছাড়া হবে।” গাবতলীতে চট্টগ্রাম রুটের হানিফ বাস কাউন্টারে কথা হয় টিকিট মাস্টার শকিলের সঙ্গে। তিনি জানান, রবি ও সোমবারের আগাম কোনো টিকিট তারা বিক্রি করছেন না। তবে এর কারণ তিনি জানাতে পারেননি। সায়েদাবাদে গিয়েও টিকিট পাননি চট্টগ্রামের সালাউদ্দিন। পরিবার নিয়ে এক আত্মীয়ের বিয়ে খেতে ঢাকায় এসেছিলেন। রোববার বিয়ে শেষে সন্ধ্যায় বাস ধরবেন বলে আশা করেছিলেন। কিন্তু বিভিন্ন কাউন্টার ঘুরে সায়েদাবাদে এসেও টিকিট পাচ্ছেন না। আদাসগেটে শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার সেলিম শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রবিবার সারাদিন এবং সোমবার দুপুর ১২টা পর্যন্ত তারা আগাম টিকিট বিক্রি বন্ধ রখেছেন। মালিকের নির্দেশেই এটা করা হচ্ছে। এই পরিবহনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ এসে তাদের দুইদিন গাড়ি বন্ধ রাখতে বলেছে। “গত তিন-চার দিন ধরে পুলিশ যেভাবে হয়রানি করছে- তা বলার মতো নয়। রাস্তায় ৪/৫ জায়গায় গাড়ি থামাচ্ছে। চেক করার নামে মামলা করে দিচ্ছে। দিনে যদি আয় হয় ৫ হাজার টাকা, মামলা আর জরিমানায় চলে যায় ছয়-সাত হাজার টাকা। এ পরিস্থিতিতে আমাদের গাড়ির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে”, বলেন ওই কর্মকর্তা। এ বিষয়ে প্রথমে কথা বলতে না চাইলেও বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলী কবির চাঁন পরে বলেন, “শনিবার বিকালে সভা আছে। সেখানে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হতে পারে।” এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আর কি বলবো, লিখে দেন- কেউ আমাদের নিষেধ করেনি, গাড়ির ক্ষতির আশংকায় এই দুইদিন গাড়ি চলাচল বন্ধ থাকবে।” মহাখালী বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “একটি গাড়িতে আগুন লাগিয়ে দিলে বা ভাংচুর করলে মালিকের ক্ষতি। ইন্স্যুরেন্সও পাওয়া যায় না। ক্ষতির আংশকায় আমরা গাড়ি চলাচল বন্ধ রাখছি।” একইসঙ্গে তিনি জানান, তাদের গাড়ি মহাখালী থেকে গাজীপুর ও ময়মনসিংহে চলাচল করে। গাজীপুরের পুলিশ ও জেলা প্রশাসন জানিয়েছে, নিরাপত্তার জন্য তাদের চারশ গাড়ি লাগবে। “সে অনুযায়ী তারা রিক্যুইজিশন করছে। রাস্তায় সাধারণ মানুষের জন্য গাড়ি থাকবে কীভাবে”, আবুল কালাম বলেন। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার এনায়েতউল্লাহ বলেন, “আমরা পড়েছি শাখের করাতে। পুলিশ রাস্তা থেকে বাস রিক্যুইজিশন করে নিচ্ছে। তাই অনেক মালিক আতংকে গাড়ি বন্ধ রেখেছে।” “আবার ঢাকায় ও বিভিন্ন জেলা শহরে বিএনপির নেতারাও সমাবেশে আসার জন্যে বাস চাইছেন। কিন্তু এ রকম সমাবেশে বাসের ভাড়া তো পাওয়াই যায় না। বরং গ-গোল হলে বাস ভাঙচুর করা হবে”, যোগ করেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিজেদের যানবাহন কম হওয়ায় পুলিশ গাড়ি রিক্যুইজিশন করতে বাধ্য হয়। “বিএনপির সমাবেশের কারণেও কিছু রিক্যুইজিশন করতে হতে পারে। তবে সেটি এখনো নির্ধারণ করা হয়নি। ফোর্সের চাহিদা অনুযায়ী এটা করা হবে।” রবি ও সোমবার আন্তঃজেলা বাস বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, “সরকার বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে নাশকতার আশংকায় নিরাপত্তার জন্য মালিকরা বাস বন্ধ রাখলে আমাদের করণীয় কিছু নেই।” কেউ বাস চলাচলে সহযোগিতা চাইলে সরকারের পক্ষ থেকে অবশ্যই তাদের নিরাপত্তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। ঢাকামুখী বাসও বন্ধ দুই দিন রবি ও সোমবারের জন্য ঢাকাগামী কোনো বাসের অগ্রিম টিকিট চট্টগ্রাম কাউন্টার থেকে বিক্রি হয়নি বলে জানায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস। শনিবার রাত পর্যন্ত ঢাকাগামী বাস চললেও কাউন্টার থেকে কেউ দুটির বেশি টিকিট কিনতে পারেনি। বিকালে নগরীর বিআরটিসি, সিনেমা প্যালেস ও অলঙ্কার মোড়ে ঢাকাগামী বিভিন্ন বাস কাউন্টারের কর্মীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। বরিশালের নতুল্লাবাদের বাস কাউন্টারের কর্মচারীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, আওয়ামী লীগ সমর্থিত জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন তার সঙ্গীদের নিয়ে শনিবার সকাল থেকে ঢাকা রুটের প্রতিটি বাসের কাউন্টারে গিয়ে সন্ধ্যা থেকে ১২ মার্চ পর্যন্ত বাস বন্ধ রাখতে বলেন। এ কারণে তারা কোনো টিকেট বিক্রি করেননি। তবে জাহাঙ্গীর অভিযোগ অস্বীকার করে বলেন, ঢাকা রুটের বাস বন্ধ রাখার জন্য কাউকে নির্দেশ দেওয়া হয়নি। বরিশাল জেলা সড়ক পরিবহনের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মাসরেক বাবলু বলেন, বাস বন্ধ করা হয়নি। তবে বাসের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। বিকালে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি। এমনকি নাইট কোচের কোনো টিকিটও বিক্রি হতে দেখা যায়নি। রাজশাহীর হানিফ এন্টারপ্রাইজের টিকিট মাস্টার মোস্তাফিজুর রহমান শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা অফিস থেকে ফোন করে ১২ মার্চ পর্যন্ত টিকিট বিক্রি না করতে বলেছে। যে কারণে তারা কোনো টিকিট বিক্রি করছেন না। ন্যাশনাল ট্রাভেলস-এর টিকিট মাস্টার মোজাম্মেল হক ও মোয়াজ্জেম আলী টিটো জানান, ঢাকার নির্দেশে তারা টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছেন। সিলেট থেকে শনিবার রাতে ঢাকাগামী বাসগুলো ছেড়ে যায়। তবে রবি ও সোমবারের টিকিট বিক্রি করতে দেখা যায়নি কোনো বাস কাউন্টারেই। নগরীর সোহাগ পরিবহন ও গ্রিন লাইন পরিবহনের একাধিক কাউন্টার থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান হয়, ঢাকা থেকে মালিক কর্তৃপক্ষের নির্দেশে রবি ও সোমবারের কোনো টিকিট তারা বিক্রি করছেন না। তবে শনিবার রাতে ঢাকার উদ্দেশে এ দুটি পরিবহনের গাড়ি ছেড়ে যাচ্ছে বলে জানান কাউন্টারের কর্মচারীরা। অন্যদিকে শ্যামলী পরিবহন ও হানিফ পরিবহনের কাউন্টারের কর্মচারীরা জানান, রবিবার সিলেট থেকে ঢাকায় কোনো গাড়ি যাবে কি না এ ব্যাপারে তারা নিশ্চিত নন। ফলে কোনো টিকিট তারা বিক্রি করছেন না। এসব বাস কাউন্টারের কর্মচারীরা জানান, যাত্রী ও বাসের নিরাপত্তার কথা ভেবেই তারা বাস বন্ধ রাখছেন। কেউ তাদের বাস বন্ধ রাখতে বলেনি। খুলনায় শনিবার সন্ধ্যা থেকেই ঢাকাগামী সব বাস বন্ধ হয়ে যায়। বিভিন্ন কাউন্টারের কর্মচারীরা জানান, নিরাপত্তার কথা ভেবে সোমবার সন্ধ্যা পর্যন্ত সব বাস বন্ধ রেখেছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/প্রতিনিধি/এমসি/জেকে/সিএস/পিডি/২৩৫৫ ঘ.