চট্টগ্রাম, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে হিউম্যান হলার ও কভার্ড ভ্যানের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।
হতাহতরা সবাই হিউম্যান হলারের যাত্রী বলে জানিয়েছে পুলিশ।
বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- কুমিল্লার মুরাদনগর থানার মো. কাওসার, ব্রাহ্মণবাড়িয়ার বাঘাউড়ার মনির হোসেন, নগরীর কুলগাঁও মাইঝপাড়ার মো. এরশাদ (৩০) ও হাজেরা বেগম (২০)। এদের মধ্যে এর মধ্যে শেষ ব্যক্তি ওই হিউম্যান হলারের চালক।
এ ছাড়া আনুমানিক ১৬ বছরের এক কিশোরও এই দুর্ঘটনায় মারা গেছে, তার পরিচয় পাওয়া যায়নি।
উপ-পরিদর্শক আলমগীর জানান, সীতাকুণ্ডগামী হিউম্যান হলারটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ১০ জন গুরুতর আহত হন।
দুপুর সোয়া ২টার দিকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন বলে জানান মেডিকেল পুলিশ ফাঁড়ির কনস্টেবল সঞ্জয়।
পরে আরো আহতদের আরো একজন মারা যান।
দুর্ঘটনায় আহতরা হলেন- শিপ্রা দে (২৫), রেশমি রাণী (২৬), সাথী নাথ (২২), লালু মিয়া (২৮) ও মো. ইবাদত (১৮)।
উপ-পরিদর্শক মো. আলমগীর জানান, কভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৬০৪ ঘ.
bdnews24