ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনকে সামনে রেখে আগাম প্রচারণা রোধে নির্বাচন কমিশনের কিছু করার নেই বলে জানিয়েছেন জাবেদ আলী।
রোববার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
অবসরপ্রাপ্ত এ সেনা কর্মকর্তা বলেন, “তফসিল ঘোষণা থেকে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা পর্যন্ত সব কিছু তদারকি করবে কমিশন। এক্ষেত্রে তফসিল ঘোষণা-পূর্ব প্রচার-প্রচারণা ইসির আওতায় পড়ে না।”
“এ বিষয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে।”
ডিসিসি নির্বাচনের ক্ষেত্রে তফসিল ঘোষণা থেকে নির্বাচনী ফলাফল গেজেট আকারে প্রকাশ করা পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হবে বলে জানান তিনি।
ডিসিসি নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার বিষয়ে তিনি বলেন, “আগের কমিশনের কাজের ধারাবাহিকতায় ডিসিসিতেও ইভিএম ব্যবহার করা হবে।”
“এক দশমাংশ ভোট কক্ষে ইভিএম ব্যবহার করা হবে। তাতে ১০ হাজার কক্ষে এক হাজার ইভিএম ব্যবহার করা হবে।”
২০১০ সাল থেকে গতবছর পর্যন্ত অনুষ্ঠিত তিনটি সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমের ব্যবহার পর্যায়ক্রমে বাড়িয়েছিল আগের কমিশন। যদিও প্রধান বিরোধী দল বিএনপি ইভিএমে ভোট নেওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে আছে।
জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার বিষয়ে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলী বলেন, “আর সময় রয়েছে মাত্র দেড় বছর। বিপুল সংখ্যক ইভিএম সরবরাহ করা খুবই কঠিন কাজ হবে।
“তবে এ সময়ের মধ্যে প্রযুক্তিগত কাজ শেষ করা যেতে পারে।”
আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশন সংলাপ করবে বলেও জানান তিনি।
বেলার নোটিস
আইন-বহির্ভূত আগাম নির্বাচনী প্রচারণা বন্ধে ‘ন্যায়বিচার চেয়ে’ প্রধান নির্বাচন কমিশনারকে নোটিস দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিটি (বেলা)।
গত ২৬ ফেব্রুয়ারি বেলার আইনজীবি ইকবাল কবির ডাকযোগে এ নোটিস পাঠান।
যত্রতত্র দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিষিদ্ধ করে সংসদের চলতি অধিবেশনে পাস হওয়া ‘দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন’ অনুযায়ী সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় সংস্থাটি।
এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের যুগ্ম সচিব (আইন) এন আই খান বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকমকে বলেন, “এ ধরনের নোটিস বিষয়ে কমিশন আলোচনা সাপেক্ষে করণীয় নির্ধারণ করবে। এখনো তা আলোচনা হয়নি।”
ইসি ছাড়াও স্থানীয় সরকার বিভাগের সচিব, পবিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ডিএমপি কমিশনার, ঢাকা উত্তর ও দক্ষিণের প্রশাসকের কাছেও নোটিস পাঠায় বেলা।
আগামী ২৯ মে’র মধ্যে ডিসিসির দুই ভাগে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০২৫ ঘ.
bdnews24