নারায়ণগঞ্জ, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বালুবাহী ট্রাকের সঙ্গে একটি সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার ভোর ৫টায় মাসদাইর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত রহমান মোল্লা (৬৫) এক জন কাঁচামাল ব্যবসায়ী। তার বাড়ি মুন্সীগঞ্জে।
রহমান সবজি নিয়ে ঢাকার শ্যামপুর এলাকার দিকে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।
তিনি বলেন, ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি চুরমার হয়ে যায়। এর আরোহী রহমান মোল্লা ঘটনাস্থলেই মার যান।
দুর্ঘটনার পর ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে সড়কে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩৮ ঘ.
bdnews24